Header AD

আপে কোণঠাসা রাঘব চাড্ডা, রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারণ

Raghab chadda new party

আম আদমি পার্টির (AAP) রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadda) ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দলের তরফে রাজ্যসভায় পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, তাঁর পরিবর্তে এই পদে দায়িত্ব দেওয়া হবে অশোক মিত্তলকে। শুধু পদ থেকেই নয়, সংসদে দলের বরাদ্দ সময় থেকে বক্তব্য রাখার সুযোগও চাড্ডাকে না দেওয়ার অনুরোধ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই সিদ্ধান্তকে রাজনৈতিক মহলে রাঘবের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

অশোক মিত্তল আপের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বলেই পরিচিত। অন্যদিকে, গত কিছুদিনে রাঘব চাড্ডা সংসদে একাধিক জনমুখী ইস্যু নিয়ে সরব হয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন। গিগ কর্মীদের অধিকার, জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা এবং টেলিকম সংস্থাগুলির রিচার্জ সংক্রান্ত সমস্যার মতো বিষয় তুলে ধরে তিনি আলোচনায় ছিলেন।

তবে এরই মধ্যে দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে শুরু করেছে বলে খবর। দীর্ঘদিন ধরেই আপের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর যোগাযোগ কমে গিয়েছে বলে শোনা যাচ্ছে। এমনকি, আবগারি দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গে তাঁর সাক্ষাৎও হয়নি। সোশ্যাল মিডিয়াতেও এ বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি।

আগামী পাঞ্জাব ও গুজরাট নির্বাচনের প্রস্তুতিতেও রাঘব চাড্ডার সক্রিয় অংশগ্রহণ নেই বলে জানা গিয়েছে। দলীয় সূত্রে ইঙ্গিত, তিনি শিবির পরিবর্তন করতে পারেন—এই আশঙ্কা থেকেই তাঁকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।