আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) আগে আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর থেকেই রেলপথে বেআইনি পাচার রুখতে নজরদারি জোরদার করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)। বিভিন্ন ট্রেন ও রেলস্টেশনে চলছে তল্লাশি অভিযান। সম্প্রতি একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে বড় সাফল্য পেয়েছে আরপিএফ।
শিয়ালদহ রেলস্টেশনে চালানো এক বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে ২৫৮ বস্তা পোস্তদানা। মোট প্রায় ১৪ হাজার ৫৪৮ কেজি ওজনের এই পোস্তের বাজারমূল্য প্রায় ২ কোটি ১৮ লক্ষ ২২ হাজার ৬০০ টাকা। বাজেয়াপ্ত হওয়া সামগ্রী শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
অন্যদিকে, ডালখোলা রেলস্টেশনে ১২৫০৪ ডাউন আগরতলা–এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে আরপিএফের অ্যান্টি-ড্রাগিং টিম উদ্ধার করে ৪৫.৮ কেজি গাঁজা। যার আনুমানিক বাজারমূল্য ২২ লক্ষ ৯০ হাজার টাকা। উদ্ধার হওয়া গাঁজা পরবর্তী আইনি পদক্ষেপের জন্য জিআরপিএস ডালখোলার হাতে তুলে দেওয়া হয়েছে।
এছাড়াও কাটিহার রেলস্টেশন চত্বরে তল্লাশি চালিয়ে ২২.৫ কেজি গাঁজা উদ্ধার করে আরপিএফ পোস্ট কাটিহার (ইস্ট)। প্রায় ১১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের এই গাঁজা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পরে তা জিআরপিএস কাটিহারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নির্বাচনের আগে বেআইনি পণ্য পাচার রুখতে আরপিএফের এই ধারাবাহিক অভিযান ইতিমধ্যেই রাজ্যজুড়ে গুরুত্ব পেয়েছে। এর আগে বিভিন্ন স্টেশন থেকে নগদ অর্থ, মাদকসহ একাধিক অবৈধ সামগ্রী উদ্ধার হয়েছে। শিয়ালদহে বিপুল পরিমাণ পোস্ত বাজেয়াপ্ত হওয়াকে আরপিএফের বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।





