Header AD
Trending

‘তফসিলিরা সর্বাধিক অত্যাচারিত বিজেপি শাসিত রাজ্যে!’ সোনামুখিতে পরিসংখ্যান পেশ করে তোপ অভিষেকের

ab sonamukhi

নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি থেকে শুরু করে তফসিলিদের ওপর অত্যাচার- এই সমস্ত ইস্যুতেই বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার বাঁকুড়ার সোনামুখীতে এদিনের দ্বিতীয় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি তৃণমূল সরকারের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি।

এদিনের সভা থেকে তফসিলিদের ওপর নির্যাতনের ইস্যুতে এনসিআরবি-র (NCRB)২০২৩ সালের রিপোর্টকে হাতিয়ার করে বিজেপি শাসিত রাজ্যগুলির কড়া ভাষায় নিন্দা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি জানান, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, তফসিলিদের ওপর অত্যাচারে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ- ১৫,১৩০টি মামলা, দ্বিতীয় স্থানে রাজস্থান – ৮,৪৪৯টি মামলা এবং তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ – ৮,২৩২টি মামলা। অভিষেকের কটাক্ষ, “তফসিলিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যদি কেউ অত্যাচার করে থাকে, সেটা বিজেপি। অত্যাচারে গোল্ড মেডেল, সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেল- তিনটেই বিজেপির প্রাপ্য।”

এদিন মঞ্চ থেকে রান্নার গ্যাস, জ্বালানি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন অভিষেক। তাঁর কথায়, একদিকে কেন্দ্র ৪০০ টাকার গ্যাস হাজার টাকায় বিক্রি করে মানুষের পকেট কাটছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে মানুষের হাতে টাকা তুলে দিচ্ছেন। কেন্দ্রীয় সরকারকে নিশানা করে অভিষেক অভিযোগ করেন, নোটবন্দি, এনআরসি, আধার বা অপরিকল্পিত লকডাউনের নাম করে গত ১০ বছরে বিজেপি মানুষকে শুধু লাইনে দাঁড় করিয়েছে। আগামী ২৩ তারিখ রোদ-বৃষ্টি বা কষ্ট উপেক্ষা করে লাইনে দাঁড়িয়েই ইভিএমের মাধ্যমে জবাব দেওয়ার ডাক দেন তিনি।