হাওড়ার লিলুয়ার (Liluah Birthday Party Incident) দাগার বাগান এলাকায় রবিবার রাতে একটি জন্মদিনের অনুষ্ঠানে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেক কাটার সময় দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পুলিশ তিন জনকে আটক করেছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কটূক্তি ও অশ্লীল মন্তব্য থেকেই এই অশান্তির সূত্রপাত। এরপরই রাস্তায় নেমে মারামারি শুরু হয় এবং কয়েক জনকে অস্ত্র হাতে দাপাদাপি করতে দেখা যায়। ঘটনায় মহিলাদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যদিও তার সত্যতা যাচাই করেনি আজ বাংলা ডিজিটাল। ভিডিওতে এক যুবককে তরোয়াল হাতে রাস্তায় ঘুরতে এবং মারামারির দৃশ্য দেখা গিয়েছে বলে দাবি।
পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই সংঘর্ষ। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।





