রাজ্যে ফের এসআইআর-এর বলি! বাড়ির অদূরে একটি মাঠে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল তাঁর পরিবার। ঘটনাটি ঘটেছে মালদহে। পরিবারের দাবি, পারিবারিক কোনও অশান্তি নয় বরং এসআইআরের কারণেই ৩৭ বছর বয়সী কাবিল শেখ এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।
কাবিল শেখের বাড়ি পুরাতন মালদহ ব্লকের সাহাপুর অঞ্চলের পাথার মাধাইপুর গ্রামে। রবিবার বাড়ির কাছের একটি মাঠে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে করছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা থেকে কাবিলের নাম বাদ পড়েছিল।
তাঁর পরিবারে স্ত্রী বুলবুলি খাতুন, সাত বছরের এক পুত্র এবং চার বছরের এক কন্যা রয়েছে। কৃষিকাজ করেই তিনি পরিবারের জীবিকা নির্বাহ করতেন। মৃতের দাদা মেরাজুল হক বলেন, যখন থেকে ভোটার লিস্টে ওর নাম বিবেচনাধীন ছিল, তখন থেকেই মানসিক অবসাদে ভুগছিল। গতকাল রাতে ফাইনাল লিস্টে দেখা যায় পরিবারে চার ভাইয়ের নাম বাদ চলে গিয়েছে। রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁর ভাই। আর ফেরেননি।
দীর্ঘ খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরাই কাবিলকে মৃত অবস্থায় খুঁজে পান। পরিবারের অভিযোগ, এই মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন দায়ী। তাঁদের দাবি, যাঁরা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন, তাঁদের নাম তালিকা থেকে বাদ পড়ায় নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই মানসিক চাপ সহ্য করতে পারেননি ৩৭ বছর বয়সী এই কৃষক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।





