Header AD

“কার জন্য ছবি বানাব?” দর্শকের রুচি নিয়ে প্রশ্ন তুলে সিনেমা ছাড়ার ইঙ্গিত অপর্ণার

Aparna sen Frustration

বাংলা সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন বিশিষ্ট অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)। এক সাম্প্রতিক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্র শিল্প কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে নতুন করে সিনেমা তৈরির আগ্রহ হারাচ্ছেন তিনি।

অপর্ণা সেনের কথায়, “এখন সবাই টেলিভিশনের দিকে ঝুঁকেছে। আমি কার জন্য সিনেমা বানাব?” তিনি মনে করেন, টেলিভিশন ইন্ডাস্ট্রি বহু মানুষের কর্মসংস্থান তৈরি করলেও এর ধারাবাহিকগুলির প্রভাব দর্শকের রুচির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাঁর মতে, এই প্রবণতা দীর্ঘমেয়াদে বাংলা সিনেমার অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

কোভিড-পরবর্তী সময়ে টলিউডের (Tollywood Film Industry) বক্স অফিসের অবস্থা ক্রমশ দুর্বল হয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই কনটেন্টের মান বা শুটিংয়ের নানা সীমাবদ্ধতাকে দায়ী করছেন। অপর্ণা সেনও স্পষ্টভাবে বলেন, “এইভাবে চলতে থাকলে বাংলা সিনেমার টিকে থাকা কঠিন হয়ে পড়বে।”

ষাটের দশকে সত্যজিৎ রায়ের ‘তিন কন্যা’ দিয়ে অভিনয়জগতে পা রাখা অপর্ণা পরবর্তীতে একজন সফল পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ‘৩৬ চৌরঙ্গী লেন’ ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি। নারী-কেন্দ্রিক গল্প ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরায় তাঁর সিনেমা বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে বর্তমান দর্শক প্রবণতার পরিবর্তনে তিনি হতাশ। সেই কারণেই ভবিষ্যতে সিনেমা নির্মাণ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন এই বর্ষীয়ান নির্মাতা।