Header AD
Trending

ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা ছাড়াল ৯০ লক্ষ, সবচেয়ে বেশি প্রভাবিত কোন জেলা?

commission releases list

রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় (SIRinBengal) বড়সড় পরিবর্তন সামনে এল। নির্বাচন কমিশনের (ECI) প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ‘বিবেচনাধীন’ (Under Adjudication) তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ দেওয়া হয়েছে। এর ফলে চলতি বছরের ৭ এপ্রিল পর্যন্ত মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ পড়েছিল। নতুন পরিসংখ্যান যুক্ত হওয়ায় সেই সংখ্যা আরও বেড়েছে।

জেলা ভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, মুর্শিদাবাদে (Murshidabad) সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে। এই জেলায় বিবেচনাধীন তালিকা থেকে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম বাদ যায়। আগের তালিকা মিলিয়ে মোট বাদ পড়া সংখ্যা সেখানে পৌঁছেছে ৭ লক্ষ ৪৮ হাজার ৯৫৯।

অন্যদিকে, দুই তালিকা মিলিয়ে উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। এই জেলায় মোট ১২ লক্ষ ৬০ হাজার ৯৬ জন ভোটারের নাম বাদ পড়েছে। দক্ষিণ ২৪ পরগনায় বাদ পড়েছে ১০ লক্ষ ৯১ হাজার ৯৮ জনের নাম। এছাড়া মালদহে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০, কলকাতায় ৬ লক্ষ ৯৭ হাজার ১৬০ এবং পূর্ব মেদিনীপুরে ১ লক্ষ ৬৫ হাজার ৩৪৫।

কমিশন সূত্রে জানা গেছে, বিবেচনাধীন তালিকায় মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ছিল। এর মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের তথ্য প্রকাশ করা হয়েছে। বাকি ২২ হাজার ১৬৩ জনের প্রক্রিয়া সম্পন্ন হলেও ই-স্বাক্ষর বাকি রয়েছে। এই প্রক্রিয়া শেষ হলে বাদ পড়া ও যুক্ত হওয়া নামের সংখ্যা আরও কিছুটা পরিবর্তিত হতে পারে।

উল্লেখ্য, খসড়া তালিকা প্রকাশের আগেই প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। এরপর ধাপে ধাপে সংশোধনের ফলে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।