হলদিয়ায় নির্বাচনী জনসভা থেকে বাংলায় রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্যে BJP সরকার গঠিত হলে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা তুলে ধরে তিনি রাজ্যবাসীর সামনে ছয়টি ‘গ্যারান্টি’ ঘোষণা করেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস (TMC) সরকারের বিরুদ্ধে দুর্নীতি, বেকারত্ব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানান তিনি।
বিধানসভা নির্বাচনের আগে এদিন হলদিয়ায় সভা (Haldia) করে মোদি বলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং ভয়মুক্ত পরিবেশ তৈরি হবে। সরকারি ব্যবস্থাকে আরও জবাবদিহিমূলক করা হবে বলেও আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রীর ঘোষিত ৬টি গ্যারান্টির মধ্যে রয়েছে— ১) রাজ্যে ভয়ের পরিবেশের অবসান ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা ২) সাধারণ মানুষের প্রতি প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা ৩) দুর্নীতি ও নারীর উপর অত্যাচারের সমস্ত অভিযোগের ফাইল পুনরায় খোলা ৪) দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, প্রয়োজন হলে জেল ৫) সংবিধান অনুযায়ী শরণার্থীদের সহায়তা এবং অনুপ্রবেশকারীদের দেশছাড়া ৬) সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য সপ্তম পে কমিশন চালু।
অনুপ্রবেশ ইস্যুতে মোদি বলেন, “যারা প্রকৃত শরণার্থী, তারা সংবিধান অনুযায়ী সাহায্য পাবেন, কিন্তু অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে দেওয়া হবে।” একই সঙ্গে সরকারি কর্মচারীদের উদ্দেশে তিনি জানান, বিজেপি সরকার গঠনের পরই সপ্তম পে কমিশন কার্যকর করা হবে। সভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, “মন্ত্রী হোক বা নেতা—আইনের চোখে সবাই সমান। দুর্নীতিগ্রস্ত কেউ রেহাই পাবে না।”
চাকরি ও বেকারত্বের প্রসঙ্গেও সরব হন মোদি। তিনি অভিযোগ করেন, আগের নির্বাচনে দেওয়া চাকরির প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি রাজ্য সরকার। তাঁর কথায়, “ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ডবল প্রতারণা করা হয়েছে।” তিনি আরও বলেন, শিল্পের অভাব ও কর্মসংস্থানের সংকটে রাজ্যের যুবসমাজ সমস্যায় রয়েছে। বিজেপি ক্ষমতায় এলে ‘রোজগার মেলা’ চালু করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
২০২১ সালের নির্বাচনে প্রত্যাশিত ফল না পেলেও, ২০২৬-এর নির্বাচনে বাংলায় সরকার গড়তে মরিয়া বিজেপি—এই বার্তাও স্পষ্ট করেন মোদি। হলদিয়ার সভা থেকে তিনি রাজ্যবাসীকে বিজেপি প্রার্থীদের সমর্থন করার আহ্বান জানান এবং বলেন, “মানুষের অধিকার ফিরিয়ে দেওয়াই হবে আমাদের লক্ষ্য—এটাই মোদির গ্যারান্টি।”





