Header AD

ভোটের আগে কলকাতায় অস্ত্র ঢুকছে! এসটিএফের জালে বিহারের নাবালক, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

Firearm

ভোটের মুখে ফের আতঙ্ক বাড়াচ্ছে অস্ত্রের দাপট। খাস কলকাতায় উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। কলকাতায় বড়সড় অস্ত্র পাচারচক্রের ছক ভেস্তে দিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। বুধবার দুপুরে স্ট্র্যান্ড রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক কিশোরকে। গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এসটিএফ। স্ট্র্যান্ড রোডের ফুটপাথে একটি পাবলিক টয়লেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

ধৃতের নাম মহম্মদ ইউসুফ (১৭), বিহারের নালন্দা জেলার বাসিন্দা। তল্লাশিতে ইউসুফের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ—তিনটি দেশি একনলা আগ্নেয়াস্ত্র, দুটি ৭ মিমি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৮ মিমি ক্যালিবারের ১৮ রাউন্ড কার্তুজ এবং ৭.৬৫ মিমি ক্যালিবারের ২২ রাউন্ড কার্তুজ।

জানা গেছে, পুলিশি জিজ্ঞাসাবাদে এত অস্ত্র কোথা থেকে এল বা কার কাছে পৌঁছানোর কথা ছিল, সে বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেনি অভিযুক্ত। সমস্ত অস্ত্র বাজেয়াপ্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসটিএফ থানায় একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া অস্ত্র অন্যত্র সরবরাহের উদ্দেশ্যেই কলকাতায় আনা হয়েছিল। এর পিছনে কোনও বড় আন্তঃরাজ্য চক্র কাজ করছে কি না, এবং ভিনরাজ্যের অপরাধচক্রের সঙ্গে ইউসুফের যোগাযোগ কতটা গভীর—তা এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।