Header AD

সাপ্লিমেন্টরি তালিকায় নাম নেই! ‘আতঙ্কে’ মৃত্যু মগরাহাটের যুবকের

sir death2

এসআইআরে (SIR) লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ায় ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কীভাবে আবার নাম অন্তর্ভুক্ত করা যাবে, আদৌ ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হবে কি না এই প্রশ্নে দুশ্চিন্তা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। নাম সংশোধন বা অন্তর্ভুক্তির জন্য ট্রাইবুনালের পথ খোলা থাকলেও প্রক্রিয়া নিয়ে স্পষ্টতা নেই বলে অভিযোগ। ফলে এসআইআর-সংক্রান্ত অনিশ্চয়তায় এখনও বহু মানুষের ভবিষ্যৎ ঝুলে রয়েছে। এই উদ্বেগের আবহেই রাজ্যের বিভিন্ন জায়গায় চরম মানসিক চাপের ঘটনা সামনে আসছে। এমনই পরিস্থিতিতে ফের এসআইআর আতঙ্ক ঘিরে মগরাহাটে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকার বাসিন্দা ছিলেন ৪৬ বছরের মাহমুদ গাজি। পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ার সময় মগরাহাটের ১৫৮ নম্বর বুথের ভোটার তালিকা থেকে তাঁর এবং তাঁর ছেলের নাম বাদ পড়ে যায়। পরে শুনানির জন্য তাঁদের ডাকা হয়েছিল বলেও জানা যায়। পরিবারের অভিযোগ, প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরও সাপ্লিমেন্টারি তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত হয়নি। ভোটার তালিকায় নাম ফেরানোর জন্য বিভিন্ন দপ্তরে বারবার যোগাযোগও করেছিলেন তিনি।

শেষ সাপ্লিমেন্টারি তালিকার দিকেই তাকিয়ে ছিল পরিবার। কিন্তু সেখানেও মিলল না স্বস্তি—সেই তালিকাতেও বাবা ও ছেলের কারও নামই ছিল না। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন ওই ব্যক্তি। বৃহস্পতিবার আচমকাই তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। দ্রুত তাঁকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। শুক্রবার সকালে সেখানেই মৃত্যু হয় মাহমুদ গাজির। এই মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছেন মৃতের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা। পরিবারের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া সত্ত্বেও কীভাবে ভোটার তালিকা থেকে নাম বাতিল হল, তার জবাব দিতে হবে কমিশনকে।