Header AD

এক মন্তব্যেই নতুন জল্পনার আগুন! BJP-র হাতছানি এড়িয়ে রাঘব কি ‘তৃতীয় শক্তি’?

Raghab chadda new party

আম আদমি পার্টির (AAP) সঙ্গে রাঘব চাড্ডার (Raghav Chadda) দূরত্ব বাড়ছে, এটা এখন স্পষ্ট। ফলে তাঁর আগামী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তিনি কি BJPতে যোগ দেবেন, নাকি নিজেই নতুন একটি রাজনৈতিক দল গড়বেন—এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক সমর্থক দাবি করেন, দেশের তরুণ প্রজন্ম চায় রাঘব চাড্ডা নিজের একটি রাজনৈতিক দল গড়ুন। অন্য কোনও দলে যোগ দিলে তাঁর জনপ্রিয়তায় প্রভাব পড়তে পারে বলেও ওই সমর্থকের মত। এমনকি তিনি ‘জেন জি পার্টি’ নামের প্রস্তাবও দেন নতুন দলের জন্য। এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে রাঘব চাড্ডা শুধু লেখেন, “interesting thought” (অর্থাৎ, ‘আকর্ষণীয় চিন্তাভাবনা’)। তাঁর এই সংক্ষিপ্ত মন্তব্যই নতুন করে রাজনৈতিক মহলে জল্পনা উসকে দিয়েছে।

অন্যদিকে, আম আদমি পার্টির একাংশের দাবি, রাঘব ইতিমধ্যেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ভবিষ্যতে সেই দিকেই যেতে পারেন। যদিও তাঁর ঘনিষ্ঠ মহলের মতে, আপাতত বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর আরও প্রায় দু’বছরের মেয়াদ বাকি রয়েছে। এই সময় তিনি দলের ভেতর থেকেই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার থাকতে পারেন।

এদিকে রাঘব নিজেও প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর কথায়, সাধারণ মানুষের কথা বলার জন্যই তাঁকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, “আমাকে হয়তো নীরব করা যাবে, কিন্তু হারানো যাবে না। আমি মানুষের পাশে থাকব এবং তাঁদের কথা বলব।” তবে, রাঘব চাড্ডার রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনিশ্চিত হলেও, নতুন দল গঠনের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।