আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার ঝাড়গ্রামের জামদা ময়দানের সভায় আদিবাসীদের ধর্ম সংক্রান্ত প্রশ্ন তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিশ্রুতি, বিধানসভা ভোটে জিতে তৃণমূল ক্ষমতায় প্রত্যাবর্তন করলে আদিবাসীদের সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম না করে ‘বিরসা মুন্ডার মূর্তিতে মালা বিতর্কে’র পুরনো প্রসঙ্গও তোলেন তিনি। পাশাপাশি সভা থেকে বিজেপির সঙ্কল্প পত্রে উল্লিখিত অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতায় সরব হন তৃণমূল সুপ্রিমো।
শনিবার ঝাড়গ্রামের জামদা ময়দানে দলীয় প্রার্থী মঙ্গল সরেনের প্রচারে জনসভা করেন তৃণমূল নেত্রী। ঝাড়গ্রাম মূলত জনজাতি অধ্যুষিত এলাকা। সেই এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে জনজাতিদের নিজস্ব ধর্ম সারি-সারনাকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। তিনি বলেন, রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ করে বারবার আবেদন জানানো হলেও কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। জনসভা থেকে দিল্লির বিজেপি (BJP) সরকারকে তীব্র আক্রমণ তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও বাস্তবে আদিবাসী সমাজের ভাষা, শিক্ষা ও ধর্মীয় স্বীকৃতির দাবিতে কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। অলচিকি ভাষার স্বীকৃতি থেকে শুরু করে আদিবাসী পড়ুয়াদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা- আদিবাসী উন্নয়নে রাজ্য সরকারের পদক্ষেপ তুলে ধরেন তিনি।
দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে উদ্যোগী হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। তা কার্যকর হলে আদিবাসীদের নিজস্ব আচার এবং প্রথা বিপন্ন হয়ে পড়বে বলে শনিবার অভিযোগ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ঝাড়গ্রামের সভায় জনতার উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘কেন্দ্রীয় সরকার ইউনিফর্ম সিভিল কোড চালু করতে চাইছে। তা হয়ে গেলে আপনাদের ধর্মের অস্তিত্ব থাকবে না। আপনাদের বিয়ে হয় যে প্রথা মেনে, তাও থাকবে না।’’
শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির পরে ঝাড়গ্রামের জামদা সার্কাস ময়দানে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । একসময় এই ঝাড়গ্রাম ও সংলগ্ন এলাকা মাওবাদের ঘাঁটি ছিল । এদিনের সভায় তিনি মাওবাদীদের নাম না করে জানালেন, ২০১১ সালে ক্ষমতায় এসেই সিদ্ধান্ত নিয়েছিলেন, জঙ্গলমহলে যে সব ছেলেমেয়ে আত্মসমর্পণ করবেন, তাঁদের হোমগার্ডের চাকরির ব্যবস্থা করবেন। সেই মতো তাঁর সরকার ব্যবস্থা করেছে বলেও জানান তিনি। শনিবার মমতার সভায় হাজির ছিলেন একদা জঙ্গলমহলের আন্দোলনের অন্যতম নেতা ছত্রধর মাহাতো।





