পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন (SIRinBengal) প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। অভিযোগ উঠেছে, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র অজুহাতে বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৯১ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে বলে দাবি, যা নিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার এই ইস্যুতেই সরব হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পারকালা প্রভাকর।
রবিবার কলকাতার প্রেস ক্লাবে ‘এডুকেশনিস্ট ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ পারকালা প্রভাকর। ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র অজুহাতে যেভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে তার প্রতিবাদেই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই পারকালা বলেন, বাংলায় যা ঘটছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ক্ষতিকর। তাঁর মতে, এসআইআর প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে কয়েক হাজার নাম বাদ যেতে পারে, কিন্তু সেই সংখ্যা লক্ষাধিক হওয়া অস্বাভাবিক।
এছাড়াও তিনি অন্ধ্রপ্রদেশের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ভোটদানের গতি নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, ১৭ লক্ষ ভোট পড়েছিল মধ্যরাতের পর। হিসাব অনুযায়ী, কোথাও কোথাও ২০ সেকেন্ড একটি, আবার কোথাও ৬ সেকেন্ডে একটি করে ভোট পড়তেও দেখা গিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অস্বাভাবিক হারে ভোট পড়েছে, যা বাস্তবে সম্ভব নয়।
বিরোধীদের অভিযোগ, SIR প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন (ECI) কেন্দ্রীয় সরকারের প্রভাবেই কাজ করছে। যদিও এই অভিযোগ নিয়ে কমিশনের পক্ষ থেকে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, এই বিষয় নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। ভবিষ্যতে রাজ্যের নির্বাচনে এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হবে কিনা, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন বিভিন্ন মহল।





