উত্তরপ্রদেশের নয়ডার (Noida Labor Protest) সেক্টর ৮০ এলাকায় মঙ্গলবার সকালে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে। আহুজা কারখানার কর্মীরা সকাল থেকেই বেতন বৃদ্ধি সংক্রান্ত দাবিতে প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের দিকে ইট-পাথর ছোড়ার অভিযোগও ওঠে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রায় ৪০-৪৫ হাজার শ্রমিক রাস্তায় নেমে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখান। সেক্টর ৬২ নয়ডা, সেক্টর ৬৩ নয়ডা, গ্রেটার নয়ডা-সহ প্রায় ৮০টি স্থানে অশান্তি ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রমিকদের দাবি, সরকার যে পরিমাণ বেতন বৃদ্ধির ঘোষণা করেছে, তা তাঁদের কাছে যথেষ্ট নয়। পাশাপাশি কারখানার গেটের সামনে নতুন বেতনের তালিকা প্রকাশ করার দাবিও জানিয়েছেন তাঁরা। এছাড়া দক্ষ ও অদক্ষ শ্রমিকদের একই হারে বেতন বৃদ্ধি করা হয়েছে—এই সিদ্ধান্তের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, সোমবার শ্রমিকদের বিক্ষোভের পরই উত্তর প্রদেশ সরকার ন্যূনতম বেতন বৃদ্ধির ঘোষণা করে, যেখানে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত বৃদ্ধির কথা বলা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বেতন কাঠামো ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
শ্রমিকদের আরও অভিযোগ, অনেক ক্ষেত্রে কর্মীদের নয় মাস কাজ করিয়ে ছাঁটাই করা হচ্ছে এবং নতুন শ্রমিক নিয়োগ করা হচ্ছে যাতে বেতন বৃদ্ধি এড়ানো যায়। এই সব অভিযোগ ঘিরেই নতুন করে অশান্তি ছড়িয়েছে শিল্পাঞ্চলে।
এদিকে রাজ্যের শ্রমমন্ত্রী আনিল রাজভার (Anil Rajbhar) দাবি করেছেন, এই বিক্ষোভের পিছনে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে এবং এতে বিদেশি, বিশেষ করে পাকিস্তানি যোগের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই দাবি নিয়ে এখনও তদন্ত চলছে। বর্তমানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন রয়েছে। যদিও মঙ্গলবার দিল্লি-নয়ডা সংযোগকারী রাস্তাগুলিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবুও কিছু এলাকায় বিশেষ ট্র্যাফিক নির্দেশিকা জারি করা হয়েছে।





