আন্দামান সাগরে একটি যাত্রীবোঝাই ট্রলার ডুবে অন্তত ২৫০ জন রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে। ট্রলারটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের টেকনাফ এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বলে জানা গেছে।
মঙ্গলবার রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা UNHCR-এ সংক্রান্ত তথ্য জানিয়েছে। সংস্থার মতে, অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রলারটি প্রতিকূল আবহাওয়া, প্রবল বাতাস এবং উত্তাল সমুদ্রের কবলে পড়ে মাঝপথেই ডুবে যায়। এতে থাকা প্রায় সকল যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনাকে রোহিঙ্গা সংকটের করুণ বাস্তবতার প্রতিফলন বলে উল্লেখ করেছে রাষ্ট্রসংঘ (Unitd Nations)। বর্তমানে বাংলাদেশের কক্সবাজার জেলায় প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে কাটানো এই জনগোষ্ঠীর অনেকেই উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন।
রাষ্ট্রসংঘ আরও জানিয়েছে, মানব পাচারকারী চক্রগুলো উন্নত আয় ও নিরাপদ জীবনের প্রলোভন দেখিয়ে রোহিঙ্গা ও দরিদ্র বাংলাদেশিদের বিভ্রান্ত করছে। তাঁদের অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে এই চক্রগুলো মানুষকে বিপজ্জনক যাত্রায় ঠেলে দিচ্ছে, যার ফলশ্রুতিতে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।





