Header AD

রসগোল্লা বেশি খাওয়ায় ১১ বছরের শিশুকে উনুনে ফেলল ক্যাটারিং কর্মী, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

Uttarpradesh incident

উত্তরপ্রদেশের বাস্তি জেলায় এক ভয়াবহ ঘটনার খবর সামনে এসেছে। একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হল ১১ বছরের এক শিশু। বর্তমানে সে গুরুতর অবস্থায় লখনউ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, শিশুটি তার দিদার সঙ্গে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিল। সেখানে খাবারের স্টলে গিয়ে সে কয়েকটি রসগোল্লা খায়। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এক ক্যাটারিং কর্মী। প্রথমে শিশুটিকে ধরে হুমকি দেওয়া হয়, পরে তাকে জোর করে একটি জ্বলন্ত উনুনের কাছে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাগের মাথায় অভিযুক্ত যুবক শিশুটিকে উনুনের ভিতরে ছুড়ে ফেলে দেয়। এতে মুহূর্তে আগুনে দগ্ধ হয় শিশুটির শরীর। তার আর্তচিৎকারে ঘটনাস্থলে উপস্থিত অন্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে অযোধ্যা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে লখনউ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত ক্যাটারিং কর্মী পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে এবং ঘটনার তদন্ত চলছে।