আমেরিকার সান ফ্রান্সিসকোর (San Francisco) একটি বিমানবন্দরে রুটিন তল্লাশির সময় এয়ার ইন্ডিয়ার এক সহকারী পাইলটের ব্যাগ থেকে গাঁজা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে গত ১৪ এপ্রিল। জানা গিয়েছে, ওই পাইলট দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী একটি ফ্লাইটে যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন। পরবর্তীতে একই বিমান ভারতে ফিরিয়ে আনার দায়িত্বও তাঁর উপর ছিল। বিমান চালনার ভাষায় এই প্রক্রিয়াকে ‘পজিশনিং’ বলা হয়, অর্থাৎ তিনি ডিউটির মধ্যেই ছিলেন।
বিমানটি সান ফ্রান্সিসকোয় অবতরণের পর মার্কিন কর্তৃপক্ষ তল্লাশি চালালে তাঁর ব্যাগে নিষিদ্ধ গাঁজা পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং তাঁকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে পরবর্তী ফ্লাইটেই তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিষয়টি তারা ডিজিসিএ ( Directorate General of Civil Aviation)-কে অবহিত করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত পাইলট ইতিমধ্যেই দিল্লিতে ফিরে গিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিমান সংস্থার তরফে আরও বলা হয়েছে, আইন ভঙ্গের ক্ষেত্রে তারা ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতি মেনে চলে। নিরাপত্তা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই ধরনের কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না।





