Header AD

‘একজোট হলেই বিজেপিকে হারানো সম্ভব’,ভবানীপুরে ঘরোয়া প্রচারে বার্তা মমতার

cm jhargram

বঙ্গ ভোটের আর মাত্র দুদিন বাকি। ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। প্রথম দফার ১৫২টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার শেষের পথে। এর মধ্যেই দ্বিতীয় দফার কেন্দ্রগুলিতে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার থেকে তিনি কলকাতার বিভিন্ন কেন্দ্রে প্রচার শুরু করেছেন। নিজের কেন্দ্র ভবানীপুরেও এদিন জনসংযোগ করেন তিনি।

রবিবার সন্ধ্যায় ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডের উত্তম উদ্যান, যা ‘লেডিজ পার্ক’ নামেই বেশি পরিচিত, সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি সবার উদ্দেশে বার্তা দেন, বিজেপিকে হারাতে হলে সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে লড়াই করতে হবে। তাঁর অভিযোগ, বাংলার জনসমর্থন দেখে ভয় পেয়েই কেন্দ্রীয় সরকার বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রকে তিনি নিজের ঘরের মতোই মনে করেন, এবং অতীতেও এখানে রেকর্ড ভোটে জয় পেয়েছেন। ফলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবারও জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। তবুও প্রচারে কোনও খামতি রাখতে চান না কেউই। আগামী কয়েক দিনে এখানে তাঁর একাধিক পথসভা ও রোড শো করার কর্মসূচি রয়েছে। এদিনের ঘরোয়া সভায় তিনি বলেন, “বিজেপি ভয় পেয়েছে বলেই বাংলাকে নিশানা করছে। এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে, চাপ তৈরি করা হচ্ছে।” সাম্প্রতিক সময়ে তৃণমূল ঘনিষ্ঠ কয়েকজন নেতা ও ব্যবসায়ীর বাড়ি-অফিসে ইডি এবং আয়কর দপ্তরের তল্লাশি প্রসঙ্গেও তিনি সরব হন।

সংসদে মহিলা সংরক্ষণ বিলের সংশোধনী পাশ না হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যেভাবে সংসদে বিরোধীরা একজোট হয়ে বিজেপিকে চ্যালেঞ্জ করেছে, সেভাবেই আমাদেরও লড়তে হবে। দেশ থেকেও এই বিজেপিকে সরাতে হবে। ভবানীপুরের সব সম্প্রদায়ের মানুষকে এক হয়ে লড়াই করতে হবে।”