দোল উৎসব শেষ হলেও পশ্চিমবঙ্গে আবিরের বাজার এখনও জমজমাট। কারণ সামনে রয়েছে বিধানসভা নির্বাচন (Election In Bengal)। সেই সঙ্গে বছরের শেষ দিকে কলকাতা পুরসভা (Kolkata Municipal election) ভোটও রয়েছে। ফলে বড়বাজারের পাইকারি আবির ব্যবসায়ীরা এখন থেকেই রঙের বস্তা মজুত করতে ব্যস্ত। রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করেই আবিরের চাহিদা বাড়ে বা কমে। বড়বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে,বর্তমানে সবুজ ও গেরুয়া—এই দুই রঙের আবিরের চাহিদা সবচেয়ে বেশি। তুলনামূলকভাবে লাল রঙের চাহিদা অনেকটাই কম।
এক ব্যবসায়ীর ব্যাখ্যা, এবার ভোটের হাওয়া কোন দিকে বইছে তা স্পষ্ট নয়। তাই ঝুঁকি এড়াতে সবুজ ও গেরুয়া—দুই রঙের আবিরই বেশি করে মজুত রাখা হচ্ছে। অন্যদিকে, আরেক ব্যবসায়ীর উপলব্ধি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বামেদের প্রভাব কম থাকায় লাল আবিরের চাহিদাও কমেছে। দোলের সময় যে পরিমাণ লাল আবির আনা হয়েছিল, তার অনেকটাই এখনও বিক্রি হয়নি।
ব্যবসায়ীদের মতে, ভোটের ফলাফল ঘোষণার পর বিজয় উদযাপনে আবিরের ব্যাপক ব্যবহার হয়। তাই ফল প্রকাশের আগে থেকেই চাহিদা অনুযায়ী রং মজুত করা হচ্ছে। আপাতত বাজারে সবুজ ও গেরুয়া আবিরের দাপটই বেশি। লাল রং অনেকটাই পিছিয়ে।





