Header AD

দুয়ারে ‘দিদি’! ভবানীপুরে ভিন্ন আঙ্গিকে প্রচার মমতা বন্দ্যোপাধ্যায়ের

cm door to door

রাজ্যজুড়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার নিজের কেন্দ্র ভবানীপুরে তিনি একেবারে ভিন্ন ধারায় প্রচার শুরু করলেন । চেনা বড় সভা বা মিছিলের বাইরে গিয়ে তিনি বেছে নিয়েছেন ‘ডোর টু ডোর’ জনসংযোগের পথ।

সোমবার সন্ধ্যায় ভবানীপুর বিধানসভার অন্তর্গত লর্ড সিনহা রোডের একাধিক হাইরাইজ থেকে শুরু করে সেক্সপিয়র সরণির আবাসন—সরাসরি বাসিন্দাদের বাড়িতে গিয়ে কথা বলতে দেখা যায় তাঁকে। বলা চলে একেবারে মানুষের দুয়ারে পৌঁছে গেলেন ‘দিদি’। ভোটের আবেদন তো ছিলই, পাশাপাশি এলাকার সমস্যা, পরিষেবা সংক্রান্ত অভিযোগ ও নাগরিকদের প্রত্যাশাও মন দিয়ে শোনেন তিনি।

প্রসঙ্গত, এদিন বেলেঘাটায় তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের সমর্থনে প্রচার সেরে দক্ষিণ কলকাতায় পৌঁছন মমতা। সেক্সপিয়র সরণিতে একটি ছোট্ট জায়গাকে মঞ্চ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন—যা প্রচলিত জনসভার থেকে সম্পূর্ণ আলাদা। এরপর গঙ্গা-যমুনা আবাসনে গিয়ে বাসিন্দাদের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন। আলাপচারিতার মধ্যে উঠে আসে গত ১৫ বছরে ভবানীপুর ও কলকাতার উন্নয়নের খতিয়ান, পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও এলাকার বাসিন্দাদের জানান তিনি। তৃণমূল সরকার গঠিত হলে এলাকার পরিকাঠামো উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে, সেই আশ্বাসও দেন তিনি।

উল্লেখ্য, রবিবার ভবানীপুরের লেডিজ পার্কেও স্থানীয়দের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূল নেত্রী। নিজের কেন্দ্রের ভোটারদের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতেই এই নতুন কৌশল—এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।