Header AD

ভোটের আগে কড়া পদক্ষেপ, খরগোশ-উচ্ছে- চ্যাপ্টাসহ কলকাতার ৭ ‘ট্রাবল মঙ্গার’ গ্রেপ্তার

trouble mongers arrest

ভোটের আগে সম্ভাব্য অশান্তি এড়াতে তৎপর হল কলকাতা পুলিশ (Kolkata Police)। শহরের বিভিন্ন এলাকায় দাগি অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক রাতে সাতজন কুখ্যাত ‘ট্রাবল মঙ্গার’-কে গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ (Lalbazar Detective Depatment)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেসব অপরাধীদের বিরুদ্ধে আগের নির্বাচনে গোলমাল সৃষ্টি করার অভিযোগ ছিল এবং যাদের অনেকেই বর্তমানে আত্মগোপন করে রয়েছে, তাদের একটি তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকার ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। ধৃতদের মধ্যে অন্যতম উত্তর কলকাতার জোড়াবাগান ও বড়বাজার এলাকার কুখ্যাত অপরাধী কার্তিক সোনকার, যিনি ‘খরগোশ’ নামে পরিচিত। জেল থেকে ছাড়া পাওয়ার পরও এলাকায় তার প্রভাব কমেনি। পুলিশের নজর এড়াতে হাওড়ায় আশ্রয় নিলেও নিয়মিত উত্তর কলকাতায় এসে তোলাবাজি ও দাপট দেখাত বলে অভিযোগ।

তার সহযোগী অমিত সিং, ওরফে ‘চ্যাপ্টা’, এর বিরুদ্ধেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অতীতে অস্ত্রসহ গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে সে। দক্ষিণ কলকাতার কসবা এলাকার উত্তম সাউ, ওরফে ‘উচ্ছে’, যিনি স্থানীয় এক গ্যাংয়ের সঙ্গে যুক্ত, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে তোলাবাজি ও সংঘর্ষের একাধিক অভিযোগ রয়েছে।

এছাড়াও মধ্য কলকাতার জোড়াসাঁকো এলাকার ইসতিয়াক আহমেদ, ওরফে ‘মিস্টার’, যিনি ছুরি হামলা ও খুনের চেষ্টার মতো গুরুতর অপরাধে অভিযুক্ত। সেও এখন পুলিশের জালে। তিলজলা এলাকার শেখ মানোয়ার, ওরফে ‘মান্নু’, যিনি অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধে অভিযুক্ত, গ্রেপ্তার করা হয়েছে তাকেও। তার সঙ্গে আরও এক অভিযুক্ত মহম্মদ সিরাজকেও আটক করেছে পুলিশ। বড়বাজার এলাকার স্বঘোষিত ‘ডন’ কৃষ্ণ খারোয়ারও পুলিশের হাতে ধরা পড়েছে বলে জানা যাচ্ছে।

পুলিশের দাবি, ভোটের আগে শহরে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে।