Header AD
Trending

ভোটে বাইক চলাচলেও বিধিনিষেধ! নিষিদ্ধ ডবল ক্যারি, সময়ও বেঁধে দিল কমিশন

Restrictions on bike ride

রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ আগামী ২৩ এপ্রিল (Election in Bengal)। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ECI)। এবার আরও এক ধাপ এগিয়ে মোটরবাইক চলাচলের উপর কড়া নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের দু’দিন আগে থেকেই বাইক ব্যবহারে কঠোর বিধিনিষেধ জারি থাকবে বলে জানানো হয়েছে । যদিও কমিশনের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই ব্যাঙ্গ করে বলছেন, এরপর কি সাইকেল চালানোর উপরও নিষেধাজ্ঞা আসবে? যদিও কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের সময় বাইক বাহিনীর প্রভাব কমানো এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী, ভোটের দু’দিন আগে স্পর্শকাতর এলাকাগুলিতে বাইক র‍্যালি বা মোটরসাইকেল মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরবাইক চলাচলের উপরেও নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে জরুরি চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন বা পরিবারের বিশেষ প্রয়োজনে মোটরবাইক ব্যবহারের ক্ষেত্রে কিছুটা ছাড় রাখা হয়েছে বলে কমিশন জানিয়েছে।

এখানেই শেষ নয়, বাইকে যাত্রী বহনের ক্ষেত্রেও কড়া নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। নির্দেশিকা অনুযায়ী, ভোটের দু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না। তবে এই নিয়মের ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্কুলপড়ুয়াকে আনা-নেওয়া, চিকিৎসাজনিত প্রয়োজন বা পরিবারের জরুরি কাজে বাইক ব্যবহারের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

তবে এর বাইরে অন্য কোনও বিশেষ প্রয়োজনে ছাড় পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কমিশন। এছাড়াও এই নির্দেশিকা যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।