সোমবার বঙ্গ ভোটের প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও…’। মঙ্গলবার বাঁকুড়া বড়োজোড়ায় গঙ্গাজলঘাঁটি ফুটবল ময়দানের জনসভা থেকে যোগীর এই বক্তব্যের তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিনের সভায় অভিষেক বলেন, “কাল যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)এসে বলেছে, বিবেকানন্দ বলেছেন- তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীন করবো, কি অবস্থা! এরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানেনা, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে আর যোগী আদিত্যনাথকে হাত দিয়ে প্রণাম করছে। এই হচ্ছে বিজেপির অবস্থা” ।
এদিনের সভা থেকে বিজেপিকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)বিরুদ্ধে বিজেপির (BJP) সমস্ত এজেন্সিকে কাজে লাগিয়ে দিয়েছে। তিনি বলেন, “একদিকে বাঙালি একজন মহিলা আর অন্যদিকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, রেলমন্ত্রী , ১৬ টা রাজ্যের মুখ্যমন্ত্রী, ইডি, সিবিআই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্যারা মিলিটারি ফোর্স, ইলেকশন কমিশন- তাও এবারের সমস্ত সমীক্ষা বলছে আবার তৃণমূল ফিরছে”। বিজেপিকে নিশানা করে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘‘বিজেপি জিতলে বড়জোড়ার টাকা যাবে গুজরাতে। তৃণমূল জিতলে বাঁকুড়ার টাকা থাকবে বাঁকুড়াতে, বড়োজোড়ার টাকা থাকবে বড়োজোড়ায়। গঙ্গাজলঘাঁটির টাকা গঙ্গাজলঘাঁটিতেই ব্যবহার হবে।’’
বাঁকুড়ার বড়োজোড়ায় বাসিন্দাদের সবথেকে বড় সমস্যার কথা তুলে ধরে এদিন অভিষেক বলেন, “এখানকার চৌমাথা মোড়ের ট্র্যাফিক জ্যাম, সব থেকে বড় সমস্যা। এর সমাধান হল, ২০০ মিটার চওড়া একটি সেতু তা না হলে একটি চওড়া রাস্তা। দুটোর মধ্যে একটা আমরা অবশ্যই করব।” অভিষেক আরও বলেন, ‘‘আমরা কথা রাখি আর বিজেপি খালি নির্বাচনের সময় মিথ্যে প্রতিশ্রুতি দেয়। নির্বাচনের সময় প্রতিশ্রুতি আর নির্বাচনের পর খালি স্মৃতি। মোদীর গ্যারান্টি মানে জিরো ওয়ারেন্টি। শূন্য। রাজভোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। এটাই পার্থক্য।’’এরপরই বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “ওরা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে। একটা বাংলা পড়তে পারে না, বলতে পারে না। স্যাকরার ঠুকঠাক আর কামারের এক ঘা। বিজেপি যেভাবে আমাদের বঞ্চিত করেছে তার জবাব আগামী ২৩ এপ্রিল দেবেন বাংলার মানুষ।”
অভিষেক বড়োজোড়ার উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, বড়োজোড়ায় আশি কোটি টাকার গ্রামীণ রাস্তা হয়েছে। আগামী পাঁচ বছরে ১৬০ কোটি টাকার রাস্তা হবে বলেও জানান তিনি।




