মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা ভোটের আগে করা হলেও নির্বাচন কমিশন ফাইল আটকে রেখেছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বারাকপুরে TMC প্রার্থী রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করেন তিনি। মমতা বলেন, “বাজেটে বলেছিলাম চার শতাংশ ডিএ দেব। নির্বাচন কমিশন আটকে রেখেছে। আমি বলব, তুমি সরকারি কর্মচারীদের স্বার্থে দ্রুত ফাইল ছাড়ো। এটা তোমার কাছে যাওয়াই উচিত নয়। কারণ এটা ভোটের আগের ঘোষণা।” একই সঙ্গে তিনি বলেন, “২৫ শতাংশ ডিএ দিয়েছি। আর চার শতাংশ ডিএ যেটা ঘোষণা করেছি, সেটা এপ্রিলের বেতনের সঙ্গেই পাবেন। যা কথা দিই, তা রাখি।”
ডিএ ইস্যুতে কমিশনকে বেঁধার পাশাপাশি বিজেপির বিভাজনের রাজনীতি নিয়েও সরব হন তৃণমূল সুপ্রিমো। তাঁর দাবি, “ বিভাজনের রাজনীতি করে না তৃণমূল। বাংলার মানুষের অপর আপনাদের যত অত্যাচার! বাংলার ওপর যত অত্যাচার করবেন, তত জ্বলবেন।“ এক বছর আগে ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। সেই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনায় কেন্দ্র সরকারের নীতির সমালোচনা করে মমতার কটাক্ষ, “ পহেলগাঁওয়ে যখন পাকিস্তান আক্রমণ করে, পার্লামেন্ট অ্যাটাক হয় তখন মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে রাখ? এরপর ফের দিল্লি দখলের ডাক দিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, “বাংলা দখল করতে বিজেপি ১০০টা ফ্লাইট, ২০০ হেলিকপ্টার, দু’লক্ষ বহিরাগত নিয়ে এসেছে। জেনে রাখুন লোকতন্ত্রে, গ্ণতন্ত্রে মানুষই শেষ কথা। নেতাজির ছবি সামনে রেখে আমরা দিল্লি দখল করবই।“




