Header AD

প্রচারের শেষ লগ্নে রাজপথে মমতা ! ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুরে মহামিছিল

cm michil

২৭ এপ্রিল নির্বাচনী প্রচারের (West Bengal Assembly Election) একেবারে শেষ দিনে বড় শক্তিপ্রদর্শনের পথে হাঁটতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সূত্রে খবর, ওই দিন কলকাতার রাজপথে একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছুঁয়ে একটি বিশাল মহামিছিল করবেন তিনি।

প্রথমে ২৪ এপ্রিল এই কর্মসূচির পরিকল্পনা থাকলেও পরে তা বদলে ২৭ এপ্রিল করা হয়—যা দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিনও বটে। দুপুরে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল শুরু হওয়ার কথা। সেখান থেকে ঢাকুরিয়া ব্রিজ পেরিয়ে গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে শেষ হবে ভবানীপুরে, যা মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচনী কেন্দ্র।
এই দীর্ঘ পথচলায় টালিগঞ্জ, বালিগঞ্জ, যাদবপুর, রাসবিহারী, কসবা ও ভবানীপুর—এই ছয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দিয়ে মিছিল যাবে। মমতার সঙ্গে পা মিলিয়ে মিছিলে হাঁটবেন দলের একাধিক প্রার্থী ও শীর্ষ নেতারা। থাকবেন অরূপ বিশ্বাস, দেবব্রত মজুমদার, দেবাশিস কুমার, শোভনদেব চট্টোপাধ্যায় ও জাভেদ খান। পাশাপাশি উপস্থিত থাকবেন স্থানীয় নেতৃত্বও।

এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রথম দফার ১৫২টি আসনে জোরদার প্রচার চালিয়েছেন মমতা। নিজের কেন্দ্র ভবানীপুরের দায়িত্ব তিনি অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমদের উপর ছেড়ে দিয়েছিলেন। এবার শেষ মুহূর্তে কলকাতা ও সংলগ্ন কেন্দ্রগুলিতে জোর দিতেই এই মহামিছিলের আয়োজন। সব মিলিয়ে, দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারের শেষ দিনে এই মিছিলকে তৃণমূলের বড় রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।