Header AD

তীব্র দাবদাহের মাঝেই স্বস্তির খবর! সপ্তাহান্তে কালবৈশাখী – কী পূর্বাভাস হাওয়া অফিসের?

Weather Update

গোটা বঙ্গজুড়ে গরমের দাপট ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে । এর মাঝেই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার প্রভাব পড়তে পারে কলকাতাতেও। এর জেরে তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি সমুদ্র উপকূল এলাকাগুলির জন্য ঝড়বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে (Weather Forecast)।

দক্ষিণবঙ্গজুড়ে গরমের অস্বস্তি অব্যাহত। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিয়েছে। তবে শনিবার থেকেই আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, শুরু হতে পারে স্বস্তির বৃষ্টি। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে রবিবার থেকে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ ছিটেফোঁটা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। কিছু জেলায়, যেমন উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই ঝড়বৃষ্টির পরিস্থিতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে সারা সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। শনিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে । কোথাও কোথাও তার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার ,আবার কোথাও তার বেগ বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই টানা ঝড়বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এরপরের চার দিনে ঝড়বৃষ্টির প্রভাবে ধাপে ধাপে পারদ ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও একই ধরনের পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার পর্যন্ত সমুদ্রে বিশেষ কোনও সতর্কবার্তা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে রবিবার ও সোমবার সমুদ্রের পরিস্থিতি অশান্ত থাকতে পারে। এই কারণে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল এলাকায় সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পূর্ব বাংলাদেশ ও তার সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার। পাশাপাশি, ওই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস রাজ্যে ঢুকছে, যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে একই সঙ্গে স্থানীয়ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘের কারণে কোথাও কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনাও থাকছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি বেশি। অন্যদিকে, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি।