Header AD

‘আমার রাজনৈতিক ভবিষ্যদ্বাণী মিলে যায়’, বিজেপিকে কটাক্ষ করে জয় নিয়ে প্রত্যয়ী অভিষেক

ab jagatballavpur

“আমি রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করি না কিন্তু যখন করি ঠিক মেলে।” ঠিক এই ভাষাতেই দ্বিতীয় দফার ভোটের আগে হাওড়ার জগৎবল্লভপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন জগৎবল্লভপুর ও ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবীর চট্টোপাধ্যায় ও তাপস মাইতির সমর্থনে জগৎবল্লভপুরের নীলাঞ্জনা পার্ক সংলগ্ন মাঠে জনসভা করেন তিনি। অভিষেকের ভবিষ্যদ্বাণী, “২০২১ সালেও মিলেছিল, ২০২৪ সালেও মিলেছে আর এই ২০২৬ সালেও মিলবে। কাল তৃণমূল কংগ্রেস সেঞ্চুরি পার করে দিয়েছে।” প্রথম দফার ভোট শেষ হওয়ার পর বিজেপির অন্দরে ‘ছটফটানি’ শুরু হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, হার নিশ্চিত বুঝেই এখন গেরুয়া শিবিরের নেতারা সাংবাদিকদের ফোন করে খবর চালানোর অনুরোধ করছেন।

এর পাশাপাশি নাম না করে জগৎবল্লভপুর ও ডোমজুড়ের বিজেপি প্রার্থীদের “তৃণমূলের আবর্জনা“ বলে কটাক্ষ করে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যার বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, ৪ বছর আগে মামলা হয়- সেই গোবিন্দ হাজরা বিজেপির প্রার্থী। জগৎবল্লভপুরে বিজেপি প্রার্থী তৃণমূলের আবর্জনা। আমরা ময়লার বালতিতে ফেলছি। অমিত শাহ কুড়িয়ে আনছে। আপনারা কেন এক্সপায়ার্ড বস্তুকে ভোট দেবেন? যেগুলো তৃণমূল ফেলে দিচ্ছে, সেগুলো বিজেপি নিয়ে জগাখিচুড়ি তৈরি করছে। খেলে পেটখারাপ হবে।” এর বিপরীতে ডোমজুড়ের তৃণমূল প্রার্থীর প্রসঙ্গ টেন এনে অভিষেক বলেন, “আমরা ডোমজুড় থেকে যাকে প্রার্থী করেছি সে তাপস মাইতি সাধারণ পরিবার থেকে উঠে আসা। ২৫ বছরের বেশি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। বর্তমান সাড়ে তিন-চার বছর ধরে ডোমজুড় ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন দক্ষতার সঙ্গে।”

এদিন হাওড়ার জগৎবল্লভপুরে জনসভা থেকে নাম না করে অমিত শাহকে (Amit Shah) ‘গুজরাতের গুন্ডা’ বলে কটাক্ষ করার পাশাপাশি, এই তীব্র গরমে মাথা ঠান্ডা রেখে বেশি করে জল খাওয়ার পরামর্শ দিলেন তিনি। তাঁর কথায়, “যারা বাংলায় এসে বলেছিল ২৩ তারিখ বাঙালিকে ঘরে ঢুকিয়ে দেবো। ২৯-এ বাঙালিকে ঘরে ঢুকিয়ে দেবো। বাংলার মাটিতে আমাদের এলাকায়, যেটা আমাদের জন্মভূমি, আমাদের কর্মভূমি, যেখানে আমরা থাকি, আমরা বেড়ে উঠেছি – ঘরে থাকি, সংসার করছি। সেই মাটিতে গুজরাতের গুন্ডারা এসে বলছে উল্টা করকে লটকা দেগা। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে খালি বলেছিলাম – গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে খান। আর আপনার যদি সৎ সাহস থাকে ৪ তারিখ বাংলায় থাকবেন বেলা ১২টার পর দেখা হবে। তিনি আজকে সাংবাদিক বৈঠক করে বলেছেন, অভিষেক ব্যানার্জি আমাকে গালাগালি দিয়েছে। আমার মুখ থেকে কোনওদিন একটা বাজে শব্দ গত পনেরো বছরে কেউ শুনেছে? আমি জল খেতে বলেছি, মাথা ঠান্ডা রাখতে বলেছি। জল খাওয়া, মাথা ঠান্ডা রাখা, গরমে সবার উচিত। বেশি করে জল খাও, মাথা ঠাণ্ডা রাখো।”