Header AD
Trending

CRPF-র গাড়িতে নীতীন নবীনের ভোটপ্রচার! নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূলের

Nitin Naveen's campaign in CRPF vehicle

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে (ElectioninBengal) কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মাঝেই নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ব্যবহারের অভিযোগ ঘিরে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে সিআরপিএফের গাড়ি ব্যবহারের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তৃণমূল দাবি করেছে, ওই ভিডিওতে বিজেপির প্রচার মিছিলের মাঝে নীতীন নবীনকে সিআরপিএফের একটি গাড়িতে উঠতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, গাড়িতে ওঠার আগে দলীয় কর্মীদের সঙ্গে তাঁকে কথাবার্তা বলতেও দেখা যায় বলে দাবি শাসকদলের। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।

তৃণমূলের অভিযোগ, নির্বাচনের দায়িত্বে থাকা বাহিনীর গাড়ি কোনও রাজনৈতিক দলের প্রচারে ব্যবহার করা হলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে উদ্বেগজনক। দলের দাবি, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা হওয়া উচিত সম্পূর্ণ নিরপেক্ষ; কিন্তু বাস্তবে সেই নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে কি না, তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে। একই সঙ্গে নির্বাচন কমিশন-এর ভূমিকাও কাঠগড়ায় তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, বিরোধীদের ক্ষেত্রে কমিশন দ্রুত পদক্ষেপ নিলেও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগের ক্ষেত্রে নীরবতা পালন করছে। ফলে নির্বাচন পরিচালনায় কমিশনের নিরপেক্ষতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের নির্বাচনী আবহে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিজেপির তরফে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।