Header AD

ভোটের উত্তাপকে হারিয়ে কালবৈশাখীর দাপট দক্ষিণবঙ্গ জুড়ে, আগামী দুদিন চলবে বৃষ্টি

Weather Update

দ্বিতীয় দফার বিধানসভা ভোট শেষ হওয়ার পরই দুর্যোগের কবলে পড়ল দক্ষিণবঙ্গ। বুধবার সন্ধ্যা থেকে কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়।রাত বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (Thunder storm) তীব্রতাও বাড়ে কলকাতায়। এরফলে একদিকে যেমন গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে রাস্তা বন্ধ হওয়ার খবর মিলেছে, তেমনই বৃষ্টির দাপটে অনেক রাস্তায় জল জমে যায়। ভোটের ছুটির কারণে রাস্তায় সাধারণ মানুষের ভিড় এবং যানবাহনের সংখ্যা খুবই কম ছিল, ফলে জল জমলেও বড়সড় ভোগান্তি তৈরি হয়নি। ঝড়বৃষ্টির ফলে তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে। আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) সুত্রে খবর বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গ সহ রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় ঝড়বৃষ্টি চলবে (Weather Forecast)।

এদিকে ঝড়-বৃষ্টির জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি এবং হাওড়ায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।হাওয়া অফিস আগেই ইঙ্গিত দিয়েছিল, সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ার রূপ বদলাবে। সেই পূর্বাভাস মতোই বুধবার ভোটের দিন সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, সঙ্গে চলছিল হালকা বৃষ্টি। তবে সন্ধ্যার পর বৃষ্টির দাপট অনেকটাই বেড়ে যায়, শুরু হয় জোর বর্ষণ। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারও একই ধরনের পরিস্থিতি বজায় থাকবে বলে জানা গিয়েছে, মাঝে মধ্যে বইতে পারে ঝোড়ো হাওয়া।

বৃহস্পতিবার সকাল থেকেই শহরের আকাশে মেঘ-রোদ্দুরের খেলা চলছে। কখন ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। কালবৈশাখী ও বৃষ্টির প্রভাবে তাপমাত্রাও কিছুটা নেমেছে।গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রির বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস, যা এই ভরা গ্রীষ্মে সত্যিই অকল্পনীয়।বৃহস্পতিবারও আবহাওয়া একইরকম মনোরম থাকবে। এদিনও কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কয়েকঘণ্টার মধ্যেই কালবৈশাখীর পুর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস।

এদিকে সমুদ্র উত্তাল থাকায় আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উইকেন্ডে আবহাওয়া তুলনামূলক মনোরম থাকবে বলেই পূর্বাভাস। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।