মধ্য এশিয়ার অস্থির পরিস্থিতির (Middle East Crisis) প্রভাব পড়ল দেশের জ্বালানির বাজারে। এক ধাক্কায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৯৯৪ টাকা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নতুন দামে কলকাতায় ১৯ কেজির একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ৩২০২ টাকা।
গত কয়েক মাস ধরেই ধাপে ধাপে বাড়ছিল বাণিজ্যিক গ্যাসের দাম। জানুয়ারিতে ৪৯ টাকা ৫০ পয়সা, ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিল মাসে ২১৮ টাকা দাম বাড়ানো হয়। মে মাসের শুরুতেই প্রায় এক হাজার টাকা বৃদ্ধিতে সেই মূল্যবৃদ্ধির ধারা আরও তীব্র হল।
এই দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে পারে হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং সংস্থা এবং রাস্তার খাবারের দোকানগুলিতে। কারণ এই সমস্ত ব্যবসায় বাণিজ্যিক এলপিজিই প্রধান জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ফলে বাড়তি খরচ সামাল দিতে অনেক ক্ষেত্রেই খাবারের দাম বাড়ানোর সম্ভাবনা রয়েছে, যার চাপ শেষ পর্যন্ত পড়বে সাধারণ ক্রেতাদের উপর।
তবে আপাতত স্বস্তির বিষয়, গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম এখনও ৯৩৯ টাকাতেই রয়েছে। যদিও আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহে চাপ বজায় থাকলে ভবিষ্যতে গৃহস্থালির গ্যাসের দামও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
জ্বালানির ক্রমবর্ধমান মূল্য আগামী দিনে সাধারণ মানুষের সংসার খরচের পাশাপাশি সামগ্রিক বাজারদরেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।




