Header AD

গণনা ঘিরে কড়া বার্তা! শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক

ab jagatballavpur

দ্বিতীয় দফার ভোট (West Bengal Assembly Election) শেষ হতেই স্ট্রংরুমে নজরদারির ঘাটতি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে গণনাকেন্দ্রে পোলিং ও কাউন্টিং এজেন্টদের দায়িত্ব আরও স্পষ্ট করতে উদ্যোগী হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানা গিয়েছে, আগামীকাল, শনিবার বিকেল ৪টেয় তিনি দলীয় এজেন্টদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক (Virtual Meeting) করবেন। দলীয় সূত্রে খবর, একজিট পোলের পূর্বাভাসে ভরসা না করে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তাই এই বৈঠকে দেওয়া হতে পারে। এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথাও শোনা যাচ্ছে।

ইতিমধ্যেই কাউন্টিং এজেন্টদের তালিকা চূড়ান্ত হয়েছে এবং তাঁদের ঠান্ডা মাথায় পুরো গণনাপ্রক্রিয়ায় নজর রাখার নির্দেশ দেওয়া হতে পারে এই বৈঠক থেকে।স্ট্রংরুমের বাইরে যেমন নজরদারি বাড়ানো হয়েছে, তেমনই গণনাকেন্দ্রের ভিতরেও কড়া সতর্কতা বজায় রাখতে বলা হতে পারে এজেন্টদের। কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বে অবিচল থাকতে হবে। প্রয়োজনে বিকল্প এজেন্টদেরও প্রস্তুত রাখতে বলা হতে পারে। গণনার সময় কোনও সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং প্রার্থীদের জানানোও গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে তুলে ধরা হবে।এছাড়া, কোনও প্ররোচনায় পা না দিয়ে সংযত থাকার পরামর্শও দেওয়া হতে পারে বৈঠকে।

উল্লেখ্য, কারচুপির আশঙ্কায় বৃহস্পতিবার কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুল ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রবল উত্তেজনা ছড়ায়। সাখাওয়াত মেমোরিয়ালে টানা চার ঘণ্টা পাহারায় ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাঁজারা।

স্ট্রংরুমে সম্ভাব্য কারচুপির আশঙ্কা তুলে ধরে তৃণমূল নেত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন—গণনার দিন সাংবাদিক বৈঠকের আগে যেন কোনও এজেন্ট গণনাকেন্দ্র না ছাড়েন। পাশাপাশি, বিজেপির একজিট পোলকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে দলীয় কর্মীদের শেষ পর্যন্ত মাটি আঁকড়ে লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন তিনি।