Header AD
Trending

কলকাতাবাসীর নিরাপত্তায় বড় পদক্ষেপ পুরসভার! শহরজুড়ে বসবে সিসিটিভি

kmc cctv

শহরের (Kolkata) বাসিন্দাদের নিরাপত্তা আরও মজবুত করতে এবার অলিগলি জুড়ে সিসিটিভি বসানোর উদ্যোগ নিতে চলেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। পুরসভার মাসিক অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করেন শাসকদলের কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায়। ১২১ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরই বিষয়টির উপর জোর দেন। তিনি বলেন, পুরসভা জল সরবরাহ, স্বাস্থ্য পরিষেবা ও রাস্তা রক্ষণাবেক্ষণের মতো নাগরিক পরিষেবায় দক্ষতার সঙ্গে কাজ করছে। বর্তমান সময়ে নাগরিক নিরাপত্তা আরও শক্তিশালী করা জরুরি। মনে করা হচ্ছে সেই কারণেই এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে শহরের নিরাপত্তা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নজরদারি ব্যবস্থাকেও আরও আধুনিক ও কার্যকর করে তোলা প্রয়োজন। তিনি প্রস্তাবে উল্লেখ করেন, ইতিমধ্যেই কলকাতা পুলিশ-এর ট্রাফিক বিভাগ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে সিসিটিভি ক্যামেরা বসিয়েছে, যা যান নিয়ন্ত্রণ ও দুর্ঘটনার তদন্তে যথেষ্ট সহায়ক প্রমাণিত হয়েছে। এবার সেই উদ্যোগকে আরও বিস্তৃত করে প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা, পার্ক এবং জনবহুল রাস্তায় উন্নত মানের সিসিটিভি বসানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি, এই প্রকল্প বাস্তবায়নে কয়েকটি গুরুত্বপূর্ণ দিকও তিনি সামনে আনেন।

প্রস্তাবের প্রথম দিকেই তিনি জানান, প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড় ও সংযোগস্থলে সিসিটিভি বসানো হলে স্থানীয় পুলিশ ও পুরসভার মধ্যে তথ্য আদানপ্রদানের একটি সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এই প্রকল্প কার্যকর করতে প্রতি ওয়ার্ডের জন্য নির্দিষ্ট বাজেট বরাদ্দের কথাও বলেন ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, এর মাধ্যমে কলকাতাকে আরও আধুনিক ও সুরক্ষিত শহর হিসেবে গড়ে তোলা যাবে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, কলকাতা দেশের অন্যতম নিরাপদ শহরগুলির মধ্যে অন্যতম। তবুও ভবিষ্যতের চ্যালেঞ্জের কথা মাথায় রেখে নজরদারি ব্যবস্থাকে আরও মজবুত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় একাধিক সিসিটিভি বসানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী আরও বসানো হবে বলেও জানানো হয়েছে। এই উদ্যোগের উদাহরণ হিসেবে বিশ্বের একাধিক উন্নত শহরের কথা তুলে ধরা হয়, যেমন লন্ডন, নিউইয়র্ক এবং সিঙ্গাপুর।