Header AD
Trending

ভোটের ফলপ্রকাশের পরদিনই দিতে হবে হাজিরা! সুজিত, রথীনকে ফের তলব ED-র

Ed Summon Rathin Sujit

শুক্রবারই ED দপ্তরে হাজিরা দিয়েছিলেন বিদায়ী দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। ঠিক পাঁচ দিনের মাথায় ফের তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওইদিনই জানিয়ে দেওয়া হয়, আগামী ৬ মে আবার সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকতে হবে তাঁকে। সূত্রের খবর, নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। একই দিনে তলব করা হয়েছে রাজ্যের আরও এক বিদায়ী মন্ত্রী রথীন ঘোষকেও (Rathin Ghosh)। তদন্তের স্বার্থে দু’জনকেই একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, পুর নিয়োগ মামলায় আগেও একাধিকবার তলব করা হয়েছিল সুজিতকে। টানা তিনবার হাজিরা এড়ানোর পর অবশেষে শুক্রবার ইডি দপ্তরে উপস্থিত হন তিনি। ভোটের কাজে ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা এড়াতে কলকাতা হাই কোর্ট-এর দ্বারস্থও হয়েছিলেন। আদালতের নির্দেশ মেনে ভোটপর্ব শেষ হতেই ১ মে সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে পৌঁছে যান তিনি। সেদিন সঙ্গে ছিলেন তাঁর পুত্র সমুদ্র-ও। শুক্রবার ইডির দপ্তর থেকে বেরিয়ে সুজিত বলেছিলেন, “আমি সাক্ষী হিসাবে এসেছিলাম। তদন্তে সহযোগিতার জন্য ডাকা হলে অবশ্যই আসব। কখনও যেন হেনস্তার জন্য ডাকা না হয়। ব্যবসা করা কখনও কোনও অপরাধ নয়। চুরি করাটা অপরাধ।”

একই মামলায় সুজিতের সঙ্গে রথীন ঘোষকেও বুধবার ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও একাধিকবার তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভোটের কাজে ব্যস্ত থাকার কারণে তিনিও ইডির কাছে সময় চেয়েছিলেন। ২০২৩ সালে প্রথমবার এই মামলায় রথীনকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৪ এবং ২০২৫ সালে সুজিত বসুর বাড়ি ও অফিসেও অভিযান চালায় তদন্তকারী সংস্থা। এবার ভোটের ফল প্রকাশের ঠিক একদিন পরেই রাজ্যের দুই হেভিওয়েট রাজনীতিককে ফের তলব করা হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেতে চাইছেন ইডির আধিকারিকরা।