Header AD
Trending

সন্দেশখালিতে আচমকা টর্নেডোর তাণ্ডব, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, কলকাতাতেও কালবৈশাখী

tornedo

সন্দেশখালি এলাকায় শনিবার দুপুরে আচমকা টর্নেডো-সদৃশ ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে গেল একাধিক গ্রাম। প্রায় দুপুর আড়াইটে নাগাদ শুরু হওয়া প্রবল ঝড়ে খুলনা গ্রাম পঞ্চায়েতের শিতলিয়া, গোলাবাড়ি, মাঠের খাসপাড়া ও ঘাসিপাড়াসহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ঝোড়ো হাওয়ায় বহু কাঁচা ও টিনের ঘরের চাল উড়ে যায়, ভেঙে পড়ে অসংখ্য গাছ এবং বিদ্যুতের খুঁটি। ফলে পুরো এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়ে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এদিন কালবৈশাখীর দাপট স্পষ্ট ছিল। বসিরহাট মহকুমার সন্দেশখালিতেও প্রবল ঝড়বৃষ্টিতে একাধিক কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অনেক জায়গায় গাছের ডাল ভেঙে বাড়ির উপর পড়ে, আবার কোথাও রাস্তা জুড়ে পড়ে থাকে গাছের অংশ। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়া ও খুঁটি ভেঙে পড়ার ঘটনাও সামনে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধারকাজ শুরু হয় এবং রাস্তা পরিষ্কারের কাজ চলতে থাকে। কলকাতাতেও বিকেল থেকে ঝড়বৃষ্টি শুরু হয়।

অন্যদিকে বাঁকুড়া জেলার খাতড়া অঞ্চলে ঝড়ের জেরে বড়সড় বিপত্তি দেখা দেয়। বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কের উপর একটি বিশাল প্রাচীন গাছ উপড়ে পড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খাতড়ার পাম্প মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনার ফলে দু’দিকেই দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা এসে গাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এদিকে পূর্ব বর্ধমান জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। মৃতের নাম বিকাশ মাঝি, বাড়ি মঙ্গলকোট থানার গণপুর গ্রামে। ঝড়বৃষ্টির মধ্যেই বাড়ির কাছ থেকে ছাগল আনতে বেরিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর।ঝড়ের তাণ্ডবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও বড় ধরনের প্রাণহানির খবর খুব বেশি না মিললেও, সম্পত্তির ব্যাপক ক্ষতি এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠে।