Header AD
Trending

এন্টালিতে তৃণমূল ঘনিষ্ঠ প্রোমোটার খুন! রাজনৈতিক যোগ নেই, দাবি পুলিশের

promoter murder

খাস কলকাতায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম তাপস নস্কর। মঙ্গলবার গভীর রাতে এন্টালির মালিপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। জানা গিয়েছে, তিনি তৃণমূলের (TMC) সঙ্গে যুক্ত ছিলেন। তবে পুলিশের দাবি, ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ (Ajoy Nanda) জানান, দু’টি গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরেই এই খুন। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রের দাবি, এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতার ঘনিষ্ঠ হওয়ায় তাপস নস্কর প্রমোটিং সংক্রান্ত নানা কাজে যুক্ত ছিলেন। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে একাধিক বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় থানায় তাঁর নামে বেশ কয়েকটি অভিযোগ নথিভুক্ত রয়েছে। নির্বাচনের আগে তাঁকে সতর্ক করা হয়েছিল, এমনকি নজরদারিতেও রাখা হয়। তবে সেই সময়ই এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি। ভোটপর্ব শেষ হতেই আবার এন্টালিতে ফিরে আসেন তাপস। এর কিছুদিনের মধ্যেই মঙ্গলবার রাতে চৌধুরী লেনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই কলকাতা পুলিশের ১০০ নম্বরে ফোন করে খবর দেন তাঁরা।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাপসকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট এলেই মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ। এদিকে, ঘটনার পর নিহতের স্ত্রী স্থানীয় থানায় কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে, এই ঘটনা নিয়ে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা জানিয়েছেন, খুনের সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই। তাঁর দাবি, দুই গোষ্ঠীর বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। কমিশনার আরও জানান, তদন্তে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে এবং নির্মাণ ব্যবসা ঘিরে দীর্ঘদিনের বিরোধ ছিল। কিছুদিন বাইরে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরতেই এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।