প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আগেই যে দিন ঘোষণা করেছিলেন, শেষ পর্যন্ত সেই দিনেই চূড়ান্ত হল বাংলার নতুন সরকারের শপথগ্রহণ। আগামী শনিবার, রবীন্দ্রজয়ন্তীর দিন, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) অনুষ্ঠিত হতে চলেছে BJPর নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। সকাল ১০টা থেকে শুরু হবে এই ঐতিহাসিক আয়োজন। সেই মুহূর্ত থেকেই আনুষ্ঠানিকভাবে রাজ্যের সাংবিধানিক দায়িত্বভার গ্রহণ করবে নতুন সরকার।
শপথ মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে। তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা (J. P. Nadda) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin Nabin)। পাশাপাশি বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি কার্যত শক্তিপ্রদর্শনের মঞ্চে পরিণত হতে চলেছে।
এর আগে শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেখানেই সরকার গঠন ও নেতৃত্ব নির্বাচন নিয়ে শেষ মুহূর্তের আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান। সূত্রের খবর, অমিত শাহ বৃহস্পতিবার কলকাতায় এসে বিধায়কদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্বও তাঁর কাঁধেই রয়েছে বলে জোর জল্পনা।
সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই—বাংলার নতুন মুখ কে? নানা নাম ঘুরপাক খেলেও গেরুয়া শিবির এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গোপন রেখেছে। ফলে ব্রিগেডের শপথমঞ্চেই বড় কোনও চমক অপেক্ষা করছে কি না, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। বাংলার রাজনীতির নতুন অধ্যায়ের সূচনায় এখন নজর গোটা রাজ্যের।





