মুর্শিদাবাদের রাজনীতিতে (ElectioninBengal) ফের চর্চার কেন্দ্রে হুমায়ুন কবীর (Humayun Kabir)। বিধানসভা নির্বাচনে নওদা (Naoda) ও রেজিনগর (Rejinagar)—দুই কেন্দ্র থেকেই জয় পাওয়ার পর আগেই তিনি জানিয়েছিলেন, একটি আসন ছেড়ে দেবেন। সেই প্রতিশ্রুতি মতো এবার রেজিনগর কেন্দ্র থেকে পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ্যে জানালেন তিনি।
বৃহস্পতিবার রেজিনগরে আয়োজিত এক কর্মীসভা থেকে হুমায়ুন ঘোষণা করেন, তিনি রেজিনগর আসনটি ছেড়ে দিচ্ছেন। শুধু তাই নয়, আসন্ন উপনির্বাচনে ওই কেন্দ্রে তাঁর দল আম জনতা উন্নয়ন পার্টির (Azup) প্রার্থী হিসেবে লড়বেন তাঁর ছেলে গোলাম নবী আজাদ। সভামঞ্চে উপস্থিত ছিলেন গোলাম নবী আজাদও।
উল্লেখ্য, TMC থেকে বহিষ্কৃত হওয়ার পর নিজের রাজনৈতিক দল গড়ে তোলেন হুমায়ুন। এবারের নির্বাচনে নওদা ও রেজিনগর—দুই কেন্দ্রেই প্রার্থী হয়ে তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। ফল ঘোষণার পর দেখা যায়, নওদায় তিনি তৃণমূল প্রার্থী সাহিনা মুমতাজকে বড় ব্যবধানে হারান। একইভাবে রেজিনগরেও জয় তুলে নেন বিপুল ভোটে।
এবার সেই জেতা আসন ছেড়ে ছেলেকে রাজনৈতিক ময়দানে নামিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত দিলেন হুমায়ুন। ফলে রেজিনগরের আসন্ন উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়বে, তা বলাই যায়।





