রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহ এবার স্পষ্ট হয়ে উঠল সমাজমাধ্যমেও। কলকাতা পুলিশের (Kolkata Police) সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেখা গেল উল্লেখযোগ্য পরিবর্তন। আগে যাঁদের অনুসরণ করা হত, সেই তালিকা থেকে বাদ পড়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যাশে(Abhishek Banerjee)।
বর্তমানে কলকাতা পুলিশের সরকারি অ্যাকাউন্ট যে ৪২টি প্রোফাইল অনুসরণ করছে, সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari), প্রধানমন্ত্রীর অফিসের (Prime Minister’s Office)-র সরকারি অ্যাকাউন্ট, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং তাঁর দপ্তরের প্রোফাইল। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পরিবর্তন কেবল প্রযুক্তিগত নয়— এর মধ্যে প্রশাসনিক বার্তাও স্পষ্ট।
বিধানসভা নির্বাচনে (ElectioninBengal) বিজেপির বিপুল জয়ের পর শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই প্রশাসনের বিভিন্ন স্তরে বদলের ছবি সামনে আসতে শুরু করে। তারই ধারাবাহিকতায় কলকাতা পুলিশের সমাজমাধ্যমের এই রদবদল নতুন করে জল্পনা উসকে দিয়েছে।
অন্যদিকে, ভোটের ফল ঘোষণার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে থাকা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়া হয়। দীর্ঘদিনের কড়া নজরদারি ও ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে। যদিও প্রোটোকল অনুযায়ী একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে যে নিরাপত্তা পাওয়ার কথা, তা বজায় থাকবে বলেই প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে।
একই ছবি দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও। তাঁর দপ্তর ও বাসভবনের সামনে থাকা অতিরিক্ত পুলিশি নিরাপত্তা এবং স্ক্যানিং ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছে। সব মিলিয়ে, রাজ্যে ক্ষমতার রদবদলের প্রভাব যে প্রশাসনিক কাঠামো থেকে ডিজিটাল উপস্থিতি— সর্বত্র পড়তে শুরু করেছে, কলকাতা পুলিশের ‘আনফলো’ সিদ্ধান্ত যেন সেই বার্তাকেই আরও স্পষ্ট করে দিল।





