শনিবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র শপথগ্রহণের মধ্য দিয়ে বাংলায় শুরু হল বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকার। আর নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই দিল্লি থেকে এল বড় বার্তা। জল জীবন মিশন প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য আটকে থাকা ২,৭০০ কোটি টাকা ছাড়তে চলেছে কেন্দ্রীয় সরকার।
নবান্ন সূত্রে খবর, এই অর্থ বরাদ্দ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে রাজ্য প্রশাসন। বৈঠকে প্রকল্পের বর্তমান অগ্রগতি, কেন্দ্রীয় বরাদ্দের হিসাব এবং বকেয়া কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি মউ বা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। তারপরেই রাজ্যের হাতে পৌঁছবে এই বিপুল অর্থ।
জানা গিয়েছে, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সচিব ভি এল কান্থা রাওয়ের সঙ্গে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের শীর্ষ আধিকারিকদের বৈঠক হয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে সূত্রের দাবি।
উল্লেখ্য, গত দু’বছর ধরে বাংলায় জল জীবন মিশনের বরাদ্দ নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলছিল। ফলে বহু এলাকায় পানীয় জল সংক্রান্ত কাজ থমকে যায়। নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতেই কেন্দ্রের এই আর্থিক অনুমোদন রাজনৈতিকভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।





