প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শনিবার সকালে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার অব্যবহিত পরেই এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূলকর্মীদের উদ্দেশে বার্তা দিলেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডল থেকে দীর্ঘ একটি পোস্ট করে অভিষেক আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। একই সঙ্গে সরকারের বিরোধিতায় সোচ্চার হওয়ার কথাও জানিয়েছেন।
এদিন আরও একবার সমাজমাধ্যমে নির্বাচন প্রক্রিয়া এবং ভোটগণনায় অনিয়মের অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক দাবি করেছেন, ভোট-পরবর্তী হিংসায় জেলায় জেলায় তৃণমূলের পার্টি অফিস এবং দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। বহু কর্মী ঘরছাড়া। এই পরিস্থিতিতে আক্রান্ত কর্মীদের উদ্দেশে অভিষেক লিখেছেন, ‘কোথায় কী ঘটছে আমায় সরাসরি জানান। আমি আমার সাধ্যমতো পাশে দাঁড়াব।’ আক্রান্তদের কাছে যাওয়ারও আশ্বাস দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
হারের পরে তৃণমূলের অনেকে যখন অভিষেককে নিশানা করা শুরু করেছেন, রাজনৈতিক মহলের মতে তখন এই বার্তা ‘তাৎপর্যপূর্ণ’।উল্লেখ্য রাজ্যে ১৫ বছর পরে আবার তৃণমূল বিরোধী রাজনীতির পরিসরে। সর্বভারতীয় স্তরে বিজেপি-বিরোধিতার রাজনীতি তৃণমূল গত কয়েক বছর ধরেই জারি রেখেছে।
সেই সূত্রে সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক লিখেছেন, ‘দিল্লি এবং পশ্চিমবঙ্গে আমরা বিরোধিতার প্রশ্নে আপসহীন ভাবে সোচ্চার থাকব।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আগামী দিনে দলের আন্দোলনের অভিমুখ চূড়ান্ত হবে বলে লিখেছেন অভিষেক।
ভোটের ফল ঘোষণার পর থেকেই গণনা নিয়ে মামলা করা হবে কি না, সেই আলোচনা তৃণমূলে জারি ছিল। গত বৃহস্পতিবার জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে মামলার পথে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন মমতা। যদিও নির্বাচনের এক বার ফল ঘোষণা হয়ে গেলে সেই সংক্রান্ত মামলার নিষ্পত্তি হওয়ার নজির খুব একটা নেই।





