Header AD
Trending

‘আসুন জোট বাঁধুন!’ বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক শক্তিকে একত্রিত হওয়ার আহ্বান মমতার

cm bhawanipur

বিজেপিকে রুখতে এবার বাংলার সব বিরোধী দলকে জোট বাঁধার আহ্বান জানালেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, কালীঘাটের বাড়ির সামনে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান থেকে এই বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, “আসুন, জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক। সেই প্ল্যাটফর্মে সব রাজনৈতিক দল যারা বিজেপির বিরুদ্ধে- এমনকী আপনারা যদি বলেন বামপন্থী- আমার কোনও ইগো নেই- আমি সবাইকে নিয়েই চলতে চাই।“

এদিনের অনুষ্ঠান থেকে বাম, অবাম, অতি বাম – সবপক্ষকেই বিজেপি বিরোধিতায় একজোট হয়ে শামিল হওয়ার আবেদন জানান। মমতা (Mamata Banerjee) বলেন, “বাম (Left), অতিবাম (Ultra Leftist), যে কোনও জাতীয় দল, যে যেখানে আছেন, আসুন আমরা জোট বাঁধি। আমরা তৃণমূল কংগ্রেস কথা দিচ্ছি, যার যতটুকু শক্তি আছে- দিল্লিতেও যেমন আমরা লড়াই করব। তেমন বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি”।

এ বিষয়ে তার সঙ্গে যে সরাসরি কথা বলা যাবে সে ব্যাপারেও স্পষ্ট করে দেন তৃণমূল নেত্রী। তিনি জানিয়ে দেন, “যদি এবিষয়ে আমার সঙ্গে কেউ কথা বলতে চান, আমি ৪টে থেকে ৬টা পর্যন্ত অ্যাভেইএবল আছি অফিসে। আমাকে জানাবেন। আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলব।“

পাশাপাশি তৃণমূল সুপ্রিমো বলেন, “বিজেপির বিরুদ্ধে আমাদের নীতি-নৈতিকতার লড়াই আজ থেকে শুরু হবে। সকলের শুভ বুদ্ধির উদয় হোক এবং মানুষের মঙ্গল হোক”। সর্বভারতীয় ক্ষেত্রেও বিজেপি-বিরোধী দলগুলি তাঁর সঙ্গে যোগাযোগ করছে বলে জানান তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, “দিল্লির অল ইন্ডিয়ার সব লিডার আমার সঙ্গে যোগাযোগ করেছেন। সোনিয়া জি, রাহুল গান্ধী সবাই কথা বলেছেন। চারিদিকে একটা সন্ত্রাসের বজ্রপাত চলছে। ভয় না পেয়ে ‌বাংলার যত বিজেপিবিরোধী দল আছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমি আবেদন জানাচ্ছি, সমস্ত ছাত্র সংগঠন, সাধারণ মানুষ তাঁদের সবাইকে নিয়ে জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্লাটফর্ম তৈরি হোক”।

এর পরেই তৃণমূল সুপ্রিমোর বার্তা, “শত্রুর শত্রু আমার বন্ধু- এখন ভাবার সময় নয়। আমাদের প্রথম শত্রু হচ্ছে বিজেপি। রাজনৈতিকভাবে যারা দেশের ভালো চায় না, বাংলার ভালো চায় না। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু লড়াইটা সবাইকে করতে হবে। আমি তো লড়বই। কিন্তু বিজেপি বিরোধী যারা সমস্ত এনজিও, অনেক পলিটিকাল দল আছে- যারা সামাজিক কাজ করে তাদের সবাইকে আবেদন করব নিউট্রাল অনেক প্ল্যাটফর্ম আছে তাদেরকেও আবেদন করব”।

ফল বেরনোর পর থেকেই স্যোশাল মিডিয়ায় তৃণমূল-ঘনিষ্ঠ বহু মানুষ বিগত শাসকদল বিরোধী না না কথা বলছেন। তাঁদের নাম না করে, তৃণমূল সভানেত্রী বলেন, “যাঁরা যেতে চায় তাদের যাওয়ার আমি অনুমতি দিচ্ছি এবং যারা আসতে চায় তাদের আসার জন্য আবেদন জানাচ্ছি”।