Header AD
Trending

২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, নারীসুরক্ষা ও মাদকবিরোধিতায় কড়া বার্তা! শপথের পরেই অ্যাকশন মোডে বিজয়

Vijay CM

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Chief Minister of Tamilnadu) হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসনিক কাজে ঝাঁপিয়ে পড়লেন চন্দ্রশেখর জোসেফ ‘থালাপতি’ বিজয় (Thalapati Vijay)। রবিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে শপথ নেওয়ার পরই তিনি জারি করেন নিজের প্রথম সরকারি নির্দেশিকা। সেই নির্দেশেই স্পষ্ট হয়ে যায় নতুন সরকারের অগ্রাধিকারের তালিকা— সাধারণ মানুষের স্বস্তি, মাদক দমনে কড়া পদক্ষেপ এবং নারী নিরাপত্তা।

প্রথম নির্দেশিকায় ঘোষণা করা হয়েছে, রাজ্যের বাসিন্দাদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। একই সঙ্গে মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালাতে বিশেষ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। মহিলাদের নিরাপত্তা জোরদার করতে তৈরি হবে বিশেষ বাহিনী এবং চালু করা হবে পৃথক হেল্পলাইন নম্বরও।

শপথের পর ভাষণে বিজয় জানান, তাঁর সরকার শিক্ষা, স্বাস্থ্য এবং পানীয় জলের মতো মৌলিক পরিষেবায় বিশেষ গুরুত্ব দেবে। কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থরক্ষার প্রতিশ্রুতিও দেন তিনি। আবেগঘন বক্তৃতায় বিজয় বলেন, তিনি কোনও রাজনৈতিক বংশ থেকে উঠে আসেননি। এক সহকারী পরিচালকের ছেলে হিসেবে দারিদ্র, ক্ষুধা এবং অপমানের অভিজ্ঞতা তাঁর জীবনে রয়েছে বলেই সাধারণ মানুষের কষ্ট তিনি বোঝেন।

এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (M K Stalin) নেতৃত্বাধীন ডিএমকে সরকারকেও তীব্র আক্রমণ করেন বিজয়। তাঁর অভিযোগ, আগের সরকার রাজ্যের কোষাগার কার্যত ফাঁকা করে দিয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় তামিলনাড়ুর উপর প্রায় ১০ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে আশ্বাস দেন, জনগণের করের এক টাকাও অপচয় হতে দেওয়া হবে না এবং সরকারি সম্পত্তি লুটের সুযোগ কাউকে দেওয়া হবে না।

২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। বিজয়ের দল তমিলগা বেট্ট্রি কজগম (TVK) এককভাবে ১০৮টি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে কংগ্রেস, সিপিএম, সিপিআই-সহ পাঁচটি দলের সমর্থনে সরকার গঠন করেছে টিভিকে। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় টিভিকে ও বিজয়কে এই দারুণ জয়ের জন্য শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন, “ এই জয় প্রমান করে বিজয়ের ওপর মানুষের আস্থা রয়েছে। আমি আশাবাদী বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ু উন্নত ও সমৃদ্ধ হবে।“ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ( Rahul Gandhi) এবং সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি (M. A. Baby)-সহ জোটসঙ্গী দলের শীর্ষ নেতারা।