Header AD

জীবনের পরে পরীক্ষাতেও সাফল্য, ৮২ কেমোর ধাক্কা সামলে মেধাতালিকায় অদ্রিজা

Adrija HS

জীবনের কঠিনতম লড়াই জিতে নেওয়ার পর এবার পড়াশোনাতেও বড় সাফল্য পেলেন উত্তর ২৪ পরগনার নিমতার মেয়ে অদ্রিজা গণ। দীর্ঘ চার বছর ক্যানসারের সঙ্গে যুদ্ধ, ৮২টি কেমোথেরাপির ধকল— সব বাধা অতিক্রম করে উচ্চ মাধ্যমিক (WB HS Results 2026) পরীক্ষার মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। দশম স্থান অর্জন করেছেন ৪৮৭ নম্বর পেয়ে। একই স্থানে রয়েছেন আরও ১২ জন পরীক্ষার্থী।

অদ্রিজা পড়াশোনা করেছেন কলা বিভাগে। তাঁর পছন্দের বিষয় ছিল ভূগোল, অর্থনীতি, মনোবিদ্যা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন। তিনি রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী। এর আগেও একাদশ শ্রেণির পরীক্ষায় মেধাতালিকায় নাম তুলেছিলেন তিনি। তৃতীয় সেমেস্টারে নবম স্থান পেয়েছিলেন অদ্রিজা।

তবে এই সাফল্যের পিছনে রয়েছে কঠিন সংগ্রামের গল্প। ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর তাঁর শরীরে ধরা পড়ে টি-সেল লিম্ফোমা। দ্রুত শুরু হয় চিকিৎসা। মেয়ের অসুস্থতার ধাক্কায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন অদ্রিজার ঠাকুমাও। পরিবারের উপর নেমে আসে কঠিন সময়। সেই সময় মেয়েকে নিয়ে লড়াইয়ের দায়িত্ব কাঁধে তুলে নেন মা জ্যোতি গণ। তিনি বেলঘরিয়া বয়েজ় স্কুলের শিক্ষিকা। চিকিৎসার জন্য একাই মেয়েকে নিয়ে মুম্বইয়ে ছুটেছেন বারবার। পাশে থেকেছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং সহপাঠীরাও।

টানা চিকিৎসা, মানসিক শক্তি এবং থেরাপির সাহায্যে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন অদ্রিজা। ২০২১ সালে সম্পূর্ণ রোগমুক্ত হন তিনি। যদিও এখনও প্রতি বছর মুম্বইয়ে গিয়ে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করাতে হয়।

নিজের অভিজ্ঞতা থেকেই ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়াতে চান অদ্রিজা। তাঁর লক্ষ্য ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করা। বেথুন কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। পরে প্রয়োজনে বিদেশে গিয়েও উচ্চশিক্ষা করতে চান। মানুষের মন ও আচরণের নানা দিক নিয়ে কাজ করাই এখন তাঁর স্বপ্ন।