আর মাত্র এক মাসের অপেক্ষা। ১১ জুন থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ (Football world cup 2026)। এবারের আসর বসছে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। বিশ্বের ৪৮টি দেশ লড়বে ফুটবলের শ্রেষ্ঠত্বের জন্য। তবে ভারতীয় ফুটবলপ্রেমীদের মনে এখন বড় প্রশ্ন— টেলিভিশন বা ডিজিটাল মাধ্যমে আদৌ বিশ্বকাপ দেখা যাবে তো?
এখনও পর্যন্ত ভারতে বিশ্বকাপ সম্প্রচারের জন্য কোনও সংস্থার সঙ্গে চূড়ান্ত চুক্তি করতে পারেনি বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA)। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে আলোচনা চলছে এবং তারা চাইছে দ্রুত সমাধান বের করতে।
এক সাক্ষাৎকারে ফিফার এক কর্তা জানিয়েছেন, ইতিমধ্যেই বিশ্বের ১৮০টি দেশের সঙ্গে সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়েছে। তবে ভারতের ক্ষেত্রে আলোচনা এখনও শেষ হয়নি। ফিফার বক্তব্য, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা যাতে ভারতেও সম্প্রচারিত হয়, সেই লক্ষ্যেই তারা কাজ করছে। যদিও কবে চুক্তি সম্পন্ন হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
এই ইস্যু আদালতেও পৌঁছেছে। ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দাবিতে দায়ের হওয়া মামলার ভিত্তিতে মঙ্গলবার দিল্লি হাই কোর্ট কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীকে (Prasar Bharati) নোটিস পাঠিয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার কথা।
শুধু ভারত নয়, চিনেও সম্প্রচার নিয়ে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। জানা গিয়েছে, ফিফার প্রতিনিধিরা খুব শীঘ্রই বেজিংয়ে গিয়ে সে দেশের সম্প্রচার সংস্থাগুলির সঙ্গে বৈঠক করবেন। সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে সম্প্রচার ঘিরে অনিশ্চয়তা এখনও কাটেনি।





