দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে আরও একধাপ এগল বিজেপি সরকার। প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও কাটমানির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্ত কমিশন গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari)। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে তৈরি হওয়া এই কমিশনে রয়েছেন উচ্চপদস্থ আইপিএস আধিকারিক জয়রামনও। আগামী ১ জুন থেকে কমিশনের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।
সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, এই তদন্তে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব পূর্ণ সহযোগিতা করবেন। কমিশন যে নথি চাইবে, তা সরবরাহের দায়িত্ব থাকবে রাজ্য পুলিশের ডিজির উপর। শুভেন্দুর কথায়, আগামী ৩০ দিনের মধ্যে কমিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে বিএনএসের ধারায় এফআইআর দায়েরও করা হবে। পাশাপাশি সরকারি তহবিল কোথায় এবং কীভাবে অপব্যবহার হয়েছে, তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
এদিন শুধু দুর্নীতির তদন্তেই নয়, নারী নির্যাতনের অভিযোগের অনুসন্ধানেও আলাদা কমিশন গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হওয়া ওই কমিটিতে থাকছেন আইপিএস আধিকারিক দময়ন্তী সেন।
উল্লেখ্য, বিধানসভা ভোটের প্রচারে বারবার তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে কাটমানি ও সিন্ডিকেট রাজের অভিযোগ তুলেছিলেন অমিত শাহ ( Amit Shah) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্রা মোদি (Narendra Modi)। ক্ষমতায় এলে দুর্নীতি দমনে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই দুর্নীতি ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারই ধারাবাহিকতায় এবার গঠন করা হল দুটি পৃথক তদন্ত কমিশন।





