ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তারির আশঙ্কায় বুধবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সংসদ (Trinamool Congress MP ) মালা রায় (Mala Roy) এবং তাঁর ছেলে নির্বাণ রায়। আদালতে হাজিরার পর তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন জানান। শুনানি শেষে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মা-ছেলেকে জামিন মঞ্জুর করে আদালত।
সূত্রের খবর, ভোট পরবর্তী অশান্তি সংক্রান্ত একটি মামলায় তাঁদের নাম জড়ানো হয়েছিল। সেই কারণেই গ্রেপ্তারির সম্ভাবনা এড়াতে আগাম আইনি পদক্ষেপ হিসেবে আদালতে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন তাঁরা। আদালতের নির্দেশে আপাতত স্বস্তিতে সাংসদ ও তাঁর ছেলে। তবে তদন্ত প্রক্রিয়া চলবে বলেই জানা গিয়েছে।
ছাব্বিশের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় গেরুয়া ঝড় ওঠে। ভরাডুবি হয় তৃণমূল কংগ্রেসের। ফল ঘোষণার রাত থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ সামনে আসে। অভিযোগ, টালিগঞ্জ থানা এলাকায় উত্তেজনা তৈরির ঘটনায় নাম জড়ায় সাংসদ মালা রায় এবং তাঁর ছেলে নির্বাণ রায়ের। বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে অস্ত্র হাতে হুমকি দেখানোর অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। ঘটনার ভিত্তিতে অস্ত্র আইনে সাংসদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়। গ্রেপ্তারির আশঙ্কায় বুধবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করেন মা-ছেলে।
শুনানি শেষে বিচারক দু’জনেরই আগাম জামিন মঞ্জুর করেন। এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর।
উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনে বাংলা দখলের লক্ষ্যে সর্বশক্তি ঝাঁপিয়েছিল বিজেপি। বারবার রাজ্যে এসে প্রচার করেছিলেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। ২০০ আসনের লক্ষ্যও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে যায়। ২০০ তো দূরের কথা, ৮০ আসনের গণ্ডিও পেরোতে পারেনি পদ্মশিবির। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। কিন্তু পাঁচ বছর পর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পাল্টে যায় বাংলার রাজনৈতিক সমীকরণ। বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। এবারের নির্বাচনকে হিংসামুক্ত রাখতে বিশেষ কড়াকড়ি করেছিল নির্বাচন কমিশন। কিন্তু তার মাঝেও ভোট পরবর্তী হিংসার খবর বারে বারে খবরের শিরোনামে উঠে আসছে। তেমনি একটি মামলায় এবার আগাম জামিন নিলেন সাংসদ মালারায় ও তার ছেলে।





