Header AD

SIR প্রক্রিয়া সংবিধানসম্মত! সুপ্রিম রায়ে বড় জয় কমিশনের

sir suprreme court

এসআইআর (SIR Case) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ ও সংবিধানসম্মত। কোথাও কোনও বেআইনি কিছু নেই। বুধবার এই মামলায় সাফ জানিয়ে দেশের শীর্ষ আদালত (Supreme Court)। পাশাপাশি নির্বাচন কমিশনের এসআইআর করার ক্ষমতা রয়েছে বলেও জানিয়ে দিল কোর্ট। বুধবার এসআইআর মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে এই মামলার শুনানি হয়।এই রায় নির্বাচন কমিশনের পক্ষে বড়সড় জয় বলেই মত ওয়াকিবহাল মহলের।

বিশেষ নিবিড় সংশোধন বেআইনিভাবে করছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন তৃণমূল-সহ বিরোধীরা। বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, পশ্চিমবঙ্গের ঠিক ভোটের আগে তড়িঘড়ি এসআইআর পদ্ধতি শুরু হওয়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অভিযোগ ছিল, এই পদ্ধতিটি সঠিক নয়। তাই এসআইআরের কাজে স্থগিতাদেশ দিক সুপ্রিম কোর্ট। সেই মামলারই আজ চূড়ান্ত রায়দান হয়েছে।

মামলার রায়দানের সময় বিচারপতিদের বেঞ্চের পর্যবেক্ষণ, কমিশন তার আইনগত ক্ষমতার বাইরে গিয়ে কাজ করেছে, এমনটা বলা যায় না।সংবিধানের অনুচ্ছেদ ৩২৪-এ কমিশনকে যে সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছে, এসআইআর সেই দায়িত্বকেই কার্যকর করছে, এবং তা আইনসম্মত সীমার মধ্যেই করছে। এসআইআরের উদ্দেশ্য সরাসরি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাংবিধানিক লক্ষ্যের সঙ্গে যুক্ত।অবাধ ও সুষ্ঠু নির্বাচন শুধু ভোটগ্রহণের প্রক্রিয়ার উপর নির্ভর করে না। এর মূল ভিত্তি হল সঠিক, নির্ভুল ও বিশ্বাসযোগ্য ভোটার তালিকা। কারণ, ভোটার তালিকাই গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি তৈরি করে। কোনও পদক্ষেপ কতটা যুক্তিসঙ্গত বা সামঞ্জস্যপূর্ণ, তা শুধু কাগজে-কলমে বিচার করা যায় না। বরং, সেটি বাস্তবে কী ভাবে কার্যকর করা হচ্ছে, তার উপরই শেষপর্যন্ত মূল্যায়ন নির্ভর করে।

এই প্রক্রিয়ার সময় নির্দিষ্ট নথি চাওয়া বেআইনি নয়। নির্বাচন কমিশনের এই ধরনের নথি নির্দিষ্ট করার ক্ষমতাও রয়েছে। আজ শীর্ষ আদালতের এসব মন্তব্যের পর দেশজুড়ে এসআইআরের পথ যে আরও মসৃণ হল, তা বলাই বাহুল্য।

একইসঙ্গে ভোটার তালিকায় নাম না থাকা মানেই কাউকে বিদেশি নাগরিক ঘোষণা করা যাবে না বলেও জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত।বিচারপতিদের স্পষ্ট বক্তব্য, নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরির সময় নাগরিকত্ব যাচাই করতে পারে, কিন্তু সেই ক্ষমতা শুধুই ভোটার তালিকায় নাম রাখা বা বাদ দেওয়ার প্রশ্ন পর্যন্ত সীমাবদ্ধ।