আগামী রবিবার, ৩১ মে ফের বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু (Vidyasagar Setu)। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত মোট আট ঘণ্টা সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। সেতুর সংস্কারের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই সময় কলকাতা শহর ও হাওড়ার মধ্যে যোগাযোগের জন্য গাড়িগুলিকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে।
ট্র্যাফিক পুলিশের নির্দেশিকা অনুযায়ী, এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়িগুলিকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আবার চাইলে হেস্টিংস মোড় থেকে ডানদিকে ঘুরে কেপি রোডও ব্যবহার করা যাবে।
কেপি রোড ও জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে সেতুমুখী যানবাহনগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ ব্যবহার করতে বলা হয়েছে। একইভাবে সিজিআর রোড ধরে খিদিরপুর দিক থেকে আসা গাড়িগুলিকেও হেস্টিংস মোড় থেকে ঘুরিয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।
এছাড়া ঘোড়া পাস সংলগ্ন ওয়াই পয়েন্ট র্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতুর পথে যাওয়া যানবাহনগুলিকে রেড রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

হাওড়া, সাঁতরাগাছি এবং শহর কলকাতার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ হল বিদ্যাসাগর সেতু। পাশাপাশি নবান্ন-এ যাতায়াতের ক্ষেত্রেও এই সেতুর গুরুত্ব অপরিসীম। প্রতিদিন হাজার হাজার ছোট-বড় গাড়ি এই সেতু ব্যবহার করে।
প্রসঙ্গত, ৮২৩ মিটার দীর্ঘ এই কেবল-স্টেড সেতুটি বর্তমানে ২৭ বছরে পা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ব্যবহারের ফলে সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব ও এক্সপ্যানশন জয়েন্টের মতো গুরুত্বপূর্ণ অংশগুলির আয়ু প্রায় শেষের পথে। তাই নিরাপত্তার স্বার্থে চলছে ধাপে ধাপে সংস্কার ও কেবল বদলের কাজ।
হুগলি রিভার ব্রিজ কমিশনার্স সূত্রে জানা গিয়েছে, সেতুর মোট ১৫০টি স্টে কেবলের মধ্যে প্রাথমিক পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কেবল বদলের কাজ চলছে। সেই কারণেই গত কয়েক সপ্তাহ ধরে প্রতি রবিবার আংশিক বা সম্পূর্ণ যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। যদিও নিত্য যাত্রীদের একাংশের প্রশ্ন, রাতের দিকে কাজ করলে দিনের ভোগান্তি অনেকটাই কমানো যেত।





