দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ অবশেষে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এর আওতায় এল। কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের পর দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেন, সোমবার থেকেই রাজ্যের মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন।
মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের প্রায় ১ কোটি ৪৩ লক্ষ মানুষ ‘আয়ুষ্মান ভারত’-এর আওতায় আসছেন। প্রকল্পের অধীনে প্রতি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে। এই খাতে মোট ২ হাজার ১০৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে এক চতুর্থাংশ, ৫০০ কোটি টাকা ইতিমধ্যেই ট্রান্সফার করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
পাশাপাশি প্রথম দিন থেকেই পুরনো বা পূর্ব-বিদ্যমান রোগের চিকিৎসাও কভার করা হবে বলে জানিয়েছেন তিনি।
সরকারি তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রায় ৩৬ হাজার সরকারি ও ১৬ হাজার বেসরকারি হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। ফলে রাজ্যের পাশাপাশি অন্য রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারও চিকিৎসার ক্ষেত্রে উপকৃত হবেন।
উল্লেখ্য, ২০১৮ সালে কেন্দ্রের আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালু হলেও পশ্চিমবঙ্গ এতদিন এর বাইরে ছিল। তৎকালীন রাজ্য সরকার এর পরিবর্তে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প চালু করেছিল। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গকে ‘আয়ুষ্মান ভারত’-এর আওতায় আনা হবে।





