Header AD
Trending

আবাস যোজনার কাটমানি মামলায় কলকাতা থেকে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

udayan

রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও তৃণমূল নেতা উদয়ন গুহ-কে বুধবার কলকাতা থেকে গ্রেপ্তার করল কোচবিহার জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগে দায়ের হওয়া একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই পদক্ষেপ করা হয়েছে। কলকাতার ফুলবাগান এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁকে আটক করে প্রথমে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে পুলিশ।

জানা গিয়েছে, চলতি মাসে দিনহাটায় আবাস যোজনা সংক্রান্ত দুটি অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগোয়। পাশাপাশি ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা ভোটের পর কোচবিহারে সংঘটিত ভোট-পরবর্তী হিংসার ঘটনাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। এছাড়াও কয়েকটি দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁর নাম জড়িয়েছে বলে জানা যায়।

অন্যদিকে, গ্রেপ্তারের পর উদয়ন গুহ দাবি করেন, যে মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলায় তাঁর আগাম জামিন রয়েছে। তাঁর অভিযোগ, আইন মেনে নয়, বরং অন্যায়ভাবে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৪ মে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হওয়ার পর থেকেই তিনি মূলত কলকাতায় ছিলেন। সাম্প্রতিক সময়ে তাঁকে প্রকাশ্যেও খুব একটা দেখা যায়নি।

রাজনীতিতে উদয়ন গুহর পথচলা দীর্ঘদিনের। ২০১৫ সালে তিনি ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাঁর বাবা কমল গুহ বামফ্রন্ট সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন। ২০১১ সালে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে এবং ২০১৬ সালে তৃণমূলের প্রার্থী হিসেবে দিনহাটা কেন্দ্র থেকে জয়ী হন উদয়ন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপি নেতা নিশীথ প্রামাণিক-এর কাছে পরাজিত হন। পরে উপনির্বাচনে জয়ী হয়ে তিনি মন্ত্রিসভায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পান।

তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফের বিজেপির কাছে পরাজিত হন তিনি।

এদিকে উদয়ন গুহর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই দিনহাটার পাঁচমাথা মোড়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে বিজেপি শিবির। কর্মী-সমর্থকেরা মিষ্টিমুখের আয়োজন করেন এবং দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায়-কে মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন করেন।

উল্লেখ্য, এর আগে রাজ্যের আরও তিন প্রাক্তন মন্ত্রী— সুজিত বসু, দিলীপ মণ্ডল এবং উজ্জ্বল বিশ্বাস— গ্রেপ্তার হয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ।